প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ট্রেডমার্ক আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৯ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

নিবন্ধক, পেটেণ্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রি এবং নিবন্ধনের শর্ত

নিবন্ধন বহিতে নিবন্ধনভুক্তির পূর্বশর্ত
৬। (১) কোন ট্রেডমার্ক নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করা যাইবে না, যদি না উহাতে নিম্নবর্ণিত বিষয়াদির অন্ততঃ একটি বিবরণ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত থাকে-
 
(ক) বিশেষ বা নির্দিষ্ট পন্থায় প্রদর্শিত প্রতিনিধিত্বকারী কোম্পানী, অথবা ব্যক্তি বিশেষ বা ফার্মের নাম;
 
(খ) নিবন্ধনের জন্য আবেদনকারী বা তাহার ব্যবসায়ের কোন পূর্বসুরির স্বাক্ষর;
 
(গ) এক বা একাধিক উদ্ভাবিত শব্দ;
 
(ঘ) পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের সহিত প্রত্যক্ষ বরাতবিহীন এক বা একাধিক শব্দ যাহা সাধারণ অর্থে কোন ভৌগোলিক স্থান, বংশ, বা ব্যক্তির নাম বা এই সকল নামের শব্দসংক্ষেপ বা বাংলাদেশের কোন সম্প্রদায়, গোত্র বা উপজাতীর নাম নহে;
 
(ঙ) অন্য কোন স্বাতন্ত্র্যসূচক মার্ক।
 
 
(২) উপ-ধারা (১) এর দফা (ঙ) ব্যতীত দফা (ক), (খ), (গ) ও (ঘ) এর অন্তর্ভুক্ত নয় এইরূপ কোন নাম, স্বাক্ষর বা শব্দ যদি উহার স্বাতন্ত্র্যসূচক মার্কের প্রমাণবহ না হয়, তাহা হইলে উহা নিবন্ধন বহিতে নিবন্ধনভুক্ত হইবে না।
 
(৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোন পণ্য বা সেবার সহিত সম্পর্কিত ট্রেডমার্কের ''স্বাতন্ত্র্যসূচক মার্ক'' অর্থ স্বত্বাধিকারীর পণ্য বা, ক্ষেত্রমত, সেবাকে অনুরূপ ব্যবসায় একই জাতীয় পণ্য বা সেবা হইতে পার্থক্য সূচিত করে, যাহা সাধারণভাবে, বা যেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডমার্ক, সীমাবদ্ধতাসহ নিবন্ধনের জন্য প্রস্তুত করা হইয়াছে উহার সহিত সম্পর্কিত নহে, এমন ট্রেডমার্ক।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs