ট্রেডমার্ক লঙ্ঘিত হয় না এইরূপ কর্মকাণ্ড
২৭। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত কর্মকাণ্ড দ্বারা কোন নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হইবে না-
(ক) শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে কোন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, এমন কোন স্থান বা পদ্ধতিতে সংশ্লিষ্ট পণ্য বা সেবা বিক্রয় বা অন্য কোনভাবে ব্যবসায় করা বা উক্ত পণ্য বা সেবা রপ্তানি করা অথবা এইরূপ কোন পরিস্থিতিতে উক্তরূপ ট্রেডমার্কের ব্যবহার করা যাহাতে নিবন্ধনের উক্তরূপ শর্ত বা সীমাবদ্ধতা প্রযোজ্য হয় না;
(খ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবার ব্যবসায় সম্পর্কিত কোন ব্যক্তি কর্তৃক কোন পণ্য বা পণ্যের অংশবিশেষ অথবা সেবা বা সেবার অংশবিশেষে ব্যবহারের অনুমতিপ্রাপ্ত হইয়া এবং নিবন্ধিত স্বত্বাধিকারী বা ব্যবহারকারী অনুমোদিত ব্যবহারের আওতার মধ্যে থাকিয়া উক্তরূপ ট্রেডমার্ক ব্যবহার করা, যদি না নিবন্ধিত স্বত্বাধিকারী বা ব্যবহারকারী কর্তৃক পরবর্তীতে উক্ত ট্রেডমার্ক অপসারণ বা মুছিয়া ফেলা হয় বা যে কোন সময়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ট্রেডমার্কের উক্তরূপ ব্যবহারের অসম্মতি জ্ঞাপন করা হয়;
(গ) এই আইনের অধীন ট্রেডমার্ক নিবন্ধনের ফলে-
(অ) অর্জিত অধিকার লঙ্ঘন না করিয়া কোন ব্যক্তি কর্তৃক এমন কোন পণ্য বা সেবার ক্ষেত্রে, উক্ত ট্রেডমার্ক ব্যবহার করা, যাহা অন্য কোন পণ্য বা সেবার অংশ বা অনুষঙ্গ;
(আ) অধিকার প্রতিষ্ঠিত হইয়াছে, এইরূপ দুই বা ততোধিক অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ বা প্রায় সাদৃশ্যপূর্ণ নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে, যে কোন একটির ব্যবহার।
(২) যেক্ষেত্রে কোন ব্যক্তি কোন পণ্য বা সেবার বিষয়ে নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারে আইনগতভাবে অধিকারপ্রাপ্ত হইয়া পরবর্তীতে উক্ত ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করে, সেক্ষেত্রে উক্ত অধিকারপ্রাপ্ত ব্যক্তি বা তাহার মাধ্যমে দাবিদার ব্যক্তি কর্তৃক উক্ত পণ্য বা সেবা বিক্রয় করা হইলে, তদ্দ্বারা উক্ত ট্রেডমার্ক লঙ্ঘিত হইবে না।