যে সকল ক্ষেত্রে সার্টিফিকেশন ট্রেডমার্ক লঙ্ঘিত হইবে না
৬৪। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে কোন নিবন্ধিত সার্টিফিকেশন ট্রেডমার্ক ব্যবহারের অধিকার লঙ্ঘিত হইবে না-
(ক) শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, কোন সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, যদি উক্ত শর্ত বা সীমাবদ্ধতা প্রযোজ্য না হয় ;
(খ) মার্কের স্বত্বাধিকারী কর্তৃক প্রত্যয়িত পণ্য বা সেবার ক্ষেত্রে, সার্টিফিকেশন ট্রেডমার্কের ব্যবহার;
(গ) যেক্ষেত্রে-
(অ) সার্টিফিকেশন ট্রেডমার্ক এমন পণ্য বা সেবার ক্ষেত্রে অভিযোজিতরূপে ব্যবহৃত হয়, যাহা অন্য কোন পণ্য বা সেবার অনুষঙ্গ এবং ট্রেডমার্কটি অনুরূপ পণ্য বা সেবার ক্ষেত্রে অধিকার লঙ্ঘন ব্যতীত ব্যবহৃত হইয়াছে, অথবা ব্যবহৃত হইতেছে; এবং
(আ) মার্কের অনুরূপ ব্যবহার যুক্তিসঙ্গতভাবে এই কারণে আবশ্যক বলিয়া বিবেচিত হয় যে, সংশ্লিষ্ট পণ্য বা সেবা নির্দেশ করিবার জন্য উহাতে যে সকল প্রয়োজনীয় অভিযোজন করা হইয়াছে উক্তরূপ ব্যবহার স্বত্বাধিকারীর প্রত্যয়িত পণ্য বা সেবাকে নির্দেশ করে।
(২) উপ-ধারা (১) এর দফা (খ) তে বর্ণিত পণ্য বা সেবার অনুরূপ হওয়া সত্ত্বেও, উক্ত উপ-ধারার বিধান এমন পণ্য বা সেবার ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যাহার সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন পত্র উক্ত দফায় বর্ণিত বিধানের পরিপন্থী।
(৩) কোন সার্টিফিকেশন ট্রেডমার্ক এই আইনের অধীন নিবন্ধিত দুই বা ততোধিক ট্রেডমার্কের অনুরূপ বা সাদৃশ্যপূর্ণ হইলে, উক্ত সার্টিফিকেশন ট্রেডমার্কের কারণে উক্তরূপ নিবন্ধিত ট্রেডমার্কের যে কোনটির ব্যবহার সম্পর্কিত অধিকার লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে না।