নমুনা দ্বারা বস্ত্র পণ্যের বৈশিষ্ট্য নিরূপণ
৭০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নলিখিত বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে,-
(ক) যে সকল পণ্য অভিন্ন সংখ্যা, পরিমাণ, মাপ, গেজ বা ওজন পদ্ধতিতে প্রচলিত রহিয়াছে সেগুলির ক্ষেত্রে উহাদের নমুনা বাছাই এবং পরীক্ষা;
(খ) ধারা ৬৮ এর বিধান মোতাবেক প্রয়োজনীয় বিবরণসহ তুলার পাকানো সুতা বা বুনন সুতা ছাপযুক্ত করিবার পদ্ধতি নির্ধারণ এবং অনুরূপ সুতা উৎপাদন করা, ব্লিচ করা, রং করা বা সম্পন্ন করিবার জন্য কতিপয় কারখানা বা প্রাঙ্গণ উক্ত ধারার আওতা-বহির্ভূত রাখা।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধিতে যে সকল পণ্য বাছাই এবং নমুনা পরীক্ষাকল্পে বিধান করা হয় নাই, সে সকল পণ্যের সংখ্যা, পরিমাণ, মাপ, গেজ বা ওজন নিরূপণের ব্যবস্থা করিয়া আদালত বা শুল্ক বিভাগীয় কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, বাছাই ও পরীক্ষণীয় নমুনা সংখ্যা এবং নমুনা বাছাই পদ্ধতি নিরূপণ করিয়া দিতে পারিবেন।
(৩) উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধি অনুসারে অথবা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ অনুসারে নমুনা পরীক্ষার গড় ফলাফল উক্ত পণ্যের সংখ্যা, পরিমাণ, মাপ, গেজ বা ওজন এর বিষয়ে প্রাথমিক প্রমাণ হিসাবে গণ্য হইবে।
(৪) উপ-ধারা (১) এর অধীন প্রণীত বিধি বা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ অনুসারে যে সকল পণ্য বাছাই ও নমুনা পরীক্ষা করা হইয়াছে, সেগুলির দাবি করিয়া কোন ব্যক্তি উহাদের অধিকতর বাছাই বা পরীক্ষা করিবার নিমিত্ত আদালত বা শুল্ক বিভাগের কর্মকর্তা কর্তৃক, সময় সময় যে খরচ নির্ধারণ করা হয়, তাহা অগ্রিম জমা দিয়া, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত আদালত বা শুল্ক বিভাগের কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করিলে, সরকার অথবা শুল্ক বিভাগের কর্মকর্তা, প্রণীত বিধি মোতাবেক উক্ত পণ্য বাছাই বা পরীক্ষা করিবেন অথবা যে সকল পণ্য সম্পর্কে এইরূপ বিধিতে কোন বিধান করা হয় নাই, সে ক্ষেত্রে আদালত বা, ক্ষেত্রমত, শুল্ক বিভাগের কর্মকর্তা, অবস্থাদৃষ্টে যেরূপ যুক্তিসঙ্গত মনে করিবেন, সেরূপ পদ্ধতিতে উপ-ধারা (১) বা (২) এর অধীন নমুনা বাছাই করিবার সিদ্ধান্ত প্রদান করিবেন।
(৫) উপ-ধারা (৩) এ উল্লিখিত নমুনা পরীক্ষা এবং উপ-ধারা (৪) এর অধীন অধিকতর নমুনা পরীক্ষার গড় ফলাফল উক্ত পণ্যের সংখ্যা, পরিমাণ, মাপ, গেজ বা ওজন সংক্রান্ত চূড়ান্ত প্রমাণ বলিয়া গণ্য হইবে।