প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ট্রেডমার্ক আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৯ নং আইন )

একাদশ অধ্যায়

বিবিধ

বিধি প্রণয়ন
১২৪। (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে।
 
 
(২) বিশেষ করিয়া এবং উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়ে বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) ট্রেডমার্ক নিবন্ধনের উদ্দেশ্যে আন্তর্জাতিক শ্রেণী বিভাগ অনুযায়ী পণ্য বা সেবার শ্রেণীবিন্যাস নির্ধারণ এবং উক্ত শ্রেণীবিন্যাসের সহিত সামঞ্জস্য রাখিয়া নিবন্ধন বহি সংশোধনের জন্য ক্ষমতা প্রদান;
 
 
(খ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্‌সংক্রান্ত অন্যান্য দলিল প্রণয়নের নির্দেশ প্রদান;
 
 
(গ) ট্রেডমার্কের অনুলিপি এবং এতদ্‌সংক্রান্ত অন্যান্য দলিলের প্রকাশনা, বিক্রয় অথবা বিতরণের নিরাপত্তা বিধান ও নিয়ন্ত্রণের ব্যবস্থা;
 
 
(ঘ) নিবন্ধন বহির এন্ট্রি সংশোধনের ব্যবস্থা ;
 
 
(ঙ) নিবন্ধন বহি পরিদর্শনের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত এবং বাধা-নিষেধ নির্ধারণ ;
 
 
(চ) নিবন্ধন সনদের ফরম নির্ধারণ ;
 
 
(ছ) ধারা ৪৪(১) এর অধীন আবেদন গ্রহণ না করা সংক্রান্ত বিধান;
 
 
(জ) ধারা ৪৫(১) এর অধীন আবেদনের সহিত সংযোজিত অতিরিক্ত দলিল, তথ্য বা সাক্ষ্য নির্ধারণ;
 
 
(ঝ) ধারা ৬৬ এর উদ্দেশ্য পূরণকল্পে বস্ত্রপণ্যের শ্রেণীবিভাগ নির্ধারণ;
 
 
(ঞ) ধারা ৯১ এর অধীন নিবন্ধক কর্তৃক নির্ধারিত খরচ সংক্রান্ত বিষয়াবলী নিয়ন্ত্রণ;
 
 
(ট) ধারা ১১৩ এ উল্লিখিত প্রতিনিধি যে সকল শর্ত সাপেক্ষে, কাজ করিতে পারিবেন তাহা নির্ধারণ ;
 
 
(ঠ) এই আইনের অধীন প্রদেয় সকল ফি নির্ধারণ;
 
 
(ড) এই আইন কার্যকর করিবার সুবিধার্থে ট্রেডমার্ক রেজিস্ট্রি এর শাখা অফিস স্থাপন এবং অনুরূপ শাখার নিবন্ধন বহির কপি তৈরির বিধান;
 
 
(ঢ) এই আইনের অধীন সরকার অথবা নিবন্ধক সমক্ষে আনীত কার্যধারায় আবেদন দাখিল, নোটিশ প্রদান এবং অন্যান্য বিষয় বিজ্ঞাপিত করিবার বিধান নির্ধারণ;
 
 
(ণ) এই আইনের অধীন নির্ধারিত সময় বা মেয়াদ নির্ধারণ;
 
 
(ত) ট্রেডমার্ক রেজিস্ট্রি এবং উহার শাখা অফিসের কার্য নিয়ন্ত্রণ এবং এই আইনের অধীন সরকার বা নিবন্ধককে প্রদত্ত ক্ষমতা নিয়ন্ত্রণকল্পে বিধান;
 
 
(থ) ধারা ৭০ এর উদ্দেশ্য পূরণকল্পে, নমুনা বাছাই সংক্রান্ত যাবতীয় বিধান;
 
 
(দ) পাকানো সুতা এবং তুলার সুতা মার্ক যুক্ত করিবার পদ্ধতি এবং উক্ত ধারার বিধানাবলী হইতে কতিপয় কারখানা ও প্রাঙ্গনকে অব্যাহতি প্রদানের বিধান;
 
 
(ধ) ধারা ৬৯ এর উদ্দেশ্য পূরণকল্পে, দৈর্ঘ্যের মাপে বা টুকরা হিসাবে সাধারণভাবে বিক্রয় হয় এমন টুকরা পণ্যসমূহের শ্রেণীবিন্যাসের বিধান;
 
 
(ন) ধারা ১২৩ এর উদ্দেশ্য পূরণকল্পে গণযোগাযোগ ও তথ্য-প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিধান; এবং
 
 
(প) প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে বিধান ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs