গভর্ণিং বোর্ড
২১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এবং উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত গভর্নিং বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথাঃ-
(ক) প্রধানমন্ত্রী বা তৎকর্তৃক মনোনীত কোন সদস্য, যিনি একজন মন্ত্রী, যিনি গভর্ণিং বোর্ডের চেয়্যারম্যানও হইবেন;
(খ) শিল্প, বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ ও বন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/প্রতিমন্ত্রীগণ, পদাধিকারবলে;
(গ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পদাধিকারবলে;
(ঘ) বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, পদাধিকারবলে;
(ঙ) বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে;
(চ) শিল্প, বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, কৃষি, শ্রম ও কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পররাষ্ট্র, জ্বালানী ও খনিজ সম্পদ, বিদ্যুৎ, স্বরাষ্ট্র, নৌ-পরিবহন, পরিবেশ ও বন মন্ত্রণালয় বা বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, পদাধিকারবলে;
(ছ) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), পদাধিকারবলে;
(জ) অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি;
(ঝ) সরকার কর্তৃক মনোনীত ২(দুই) জন মহিলা উদ্যোক্তা;
(ঞ) বিশেষায়িত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি;
(ট) নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে, যিনি উহার সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর দফা (ঞ) তে উল্লিখিত ব্যক্তিগণ নির্ধারিত পদ্ধতিতে পালাক্রমের (by-rotation) ভিত্তিতে গভর্ণিং বোর্ডের সদস্য হইবেন।
(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যক্তিকে, প্রজ্ঞাপনে উল্লিখিত উদ্দেশ্য ও মেয়াদের জন্য, গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে যে কোন সময় কো-অপ্ট করিতে পারিবে।