প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

( ২০১০ সনের ৩৫ নং আইন )

বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা
৩। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এই আইনের বিধান অনুযায়ী বাংলাদেশের যে কোন স্থানে বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাইবে।
 
 
(২) এই আইনের অধীন সরকারের নিকট হইতে সাময়িক অনুমতিপত্র বা, ক্ষেত্রমত, সনদপত্র গ্রহণ ব্যতীত, বাংলাদেশের কোন স্থানে কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন বা পরিচালনা করা যাইবে না, বা বাংলাদেশে কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরিচালনা বা কোন ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করা যাইবে না।
 
 
(৩) এই আইনের আধীনে অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশে কোন বিদেশী বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের কোন শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল সেন্টার ইত্যাদিতে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করিবার উদ্দেশ্যে কোনরূপ ব্রোশিয়ার, প্রসপেকটাস, লিফলেট ইত্যাদি প্রকাশ ও প্রচার করা যাইবে না। ইহা ছাড়াও প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায়ও কোন ধরণের বিজ্ঞাপন প্রকাশ ও প্রচার করা যাইবে না।
 
 
(৪) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, দেশের পরিবেশ, নিরাপত্তা, জনস্বার্থ বা অন্য কোন বিষয় বিবেচনাক্রমে, যদি সরকার কোন স্থানে বেসরকারী বিশ্ববিদ্যালয় বা উহার ক্যাম্পাস স্থাপন করা যাইবে না মর্মে ঘোষণা প্রদান করে, তাহা হইলে এইরুপ কোন স্থানে কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় বা উহার ক্যাম্পাস স্থাপন করা যাইবে না।
 
 
(৫) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় এইরূপ কোন নামে স্থাপন করা যাইবে না, যে নামে এই আইন বা অন্য কোন আইনের অধীন কোন স্বীকৃত বা বেসরকারী বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে স্থাপিত হইয়া উক্ত নামে বহাল আছে, বা যে নামে পূর্বে কোন স্বীকৃত বা বেসরকারী বিশ্ববিদ্যালয় বহাল ছিল কিন্তু বর্তমানে উক্ত নামে কোন বিশ্ববিদ্যালয় বহাল নাই বা উক্ত নামের সহিত প্রস্তাবিত নামের সাদৃশ্য থাকে:
 
 
তবে শর্ত থাকে যে, কোন বিদ্যমান বেসরকারী বিশ্ববিদ্যালয়, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং এই আইনের অধীন যে সকল শর্ত প্রতিপালনক্রমে একটি নূতন বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে হয় সে সকল শর্ত পূরণক্রমে, উহার সাদৃশ্যপূর্ণ নামে আরেকটি পৃথক ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করিতে পারিবে।
 
 
(৬) এই আইনের অধীন স্থাপিত প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং উহার নিজস্ব নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার অধিকার থাকিবে এবং উক্ত নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের বা পরিচালনা করা যাইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs