সাময়িক অনুমতি প্রদান
৭। (১) ধারা ৫ এর অধীন কোন আবেদনপত্র প্রাপ্তির পর সরকার আবেদনকারীর নিকট হইতে বিষয়টি সম্পর্কে উহার বিবেচনায় প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য চাহিতে পারিবে এবং আবেদনটি বিবেচনার পর যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী ধারা ৬ এর শর্তাবলী পূরণ করিয়াছেন, তাহা হইলে সরকার, বিধি দ্বারা নির্ধারিত ফরমে, আবেদনকারীর অনুকূলে অস্থায়ীভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমতি প্রদান করিবে।
(২) সাময়িক অনুমতিপত্রের মেয়াদ হইবে উহা প্রদানের পরবর্তী ৭ (সাত) বৎসর।
(৩) ধারা ৫ এর অধীন কোন আবেদনপত্র প্রাপ্তির পর যদি সরকার এই মর্মে নিশ্চিত হয় যে, আবেদনকারী ধারা ৬ এর কোন শর্ত পূরণে ব্যর্থ হইয়াছেন অথবা কোন নির্দিষ্ট মেয়াদের জন্য দেশে আর অধিক সংখ্যক বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা নাই, তাহা হইলে সরকার, আবেদনকারীকে শুনানীর সুযোগ প্রদান করিয়া, লিখিত আদেশ দ্বারা, আবেদনটি নামঞ্জুর করিতে পারিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত কোন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট আবেদন করিতে পারিবে।
(৫) উপ-ধারা (৪) এর অধীন কোন আবেদনপত্র প্রাপ্তির পর সরকার ৬০(ষাট) দিনের মধ্যে উহাতে সিদ্ধান্ত প্রদান করিবে এবং এতদ্বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।