পরিকল্পনা বা প্রস্তাবের প্রচার
৬। (১) প্রতিটি ক্রয় এবং বিনিয়োগ পরিকল্পনা বা প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ নিম্নবর্ণিতভাবে বিজ্ঞাপন প্রচার করিয়া উহাতে অংশগ্রহণ করিবার জন্য অনুরোধ করিতে পারিবে, যথাঃ-
(ক) সীমিত সময় প্রদান করিয়া সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার;
(খ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট এর ওয়েব সাইটে বিজ্ঞাপন প্রচার;
(গ) নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার;
(ঘ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহিত পত্র বা ই-মেইল বা অন্য কোন মাধ্যমে যোগাযোগ করিয়া।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সম্মতি গ্রহণক্রমে যে কোন ক্রয়, বিনিয়োগ পরিকল্পনা বা প্রস্তাব ধারা ৫ এ বর্ণিত প্রক্রিয়াকরণ কমিটি সীমিত সংখ্যক অথবা একক কোন প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ ও দরকষাকষির মাধ্যমে উক্ত কাজের জন্য মনোনীত করিয়া ধারা ৭ এ বর্ণিত পদ্ধতি অনুসরণে অর্থনৈতিক বিষয় বা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণের পদক্ষেপ গ্রহণ করিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs