কারিগরি কমিটি
১২।(১) ট্রাস্টি বোর্ডকে সহায়তা করিবার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠিত হইবে, যথাঃ
(ক) সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, যিনি উহার আহবায়কও হইবেন;
(খ) যুগ্ম-সচিব (পরিবেশ), পরিবেশ ও বন মন্ত্রণালয়;
(গ) যুগ্ম-সচিব (উন্নয়ন), পরিবেশ ও বন মন্ত্রণালয়;
(ঘ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন সেল-এর প্রতিনিধি বা ফোকাল পয়েন্ট;
(ঙ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-এর প্রতিনিধি;
(চ) পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধি;
(ছ) পরিবেশ অধিদপ্তর-এর দুইজন বিশেষজ্ঞ প্রতিনিধি (পরিচালক, কারিগরি);
(জ) সরকার কর্তৃক মনোনীত জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক প্রতিষ্ঠান/এনজিও/বিশেষজ্ঞ-এর দুইজন প্রতিনিধি;
(ঝ) Centre for Environmental and Geographic Information Services (CEGIS)-এর একজন প্রতিনিধি;
(ঞ) বন বিভাগের একজন প্রতিনিধি;
(ট) উপ-সচিব (পরিবেশ-১), পরিবেশ ও বন মন্ত্রণালয়, যিনি উহার সদস্য সচিবও হইবেন।
(২) পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বা গঠিত ইউনিট কারিগরি কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবে।
(৩) উপ-ধারা (১) এর (জ) নং ক্রমিকে উল্লিখিত মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন।