বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড
৫৫। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে অধিভুক্ত কোন ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ বর্ডার গার্ড আদালত কর্তৃক বিচারের ক্ষেত্রে নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক দণ্ড প্রদান করা যাইবে, যথাঃ-
(ক) মৃত্যুদণ্ড;
(খ) যাবজ্জীবন কারাদণ্ড;
(গ) অসামরিক কারাগারে ভোগযোগ্য এমন তিন মাসের ঊর্ধ্বে এবং অনধিক চৌদ্দ বৎসরের যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড;
(ঘ) চাকুরী হইতে বরখাস্ত;
(ঙ) পেনশনের নির্ধারিত অংশ কর্তন ব্যতিরেকে বা কর্তন সাপেক্ষে, বাধ্যতামূলক অবসর;
(চ) পদবীধারী এবং তালিকাভুক্ত সদস্যদের ক্ষেত্রে বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ৯০ (নববই) দিনের সশ্রম কারাদণ্ড;
(ছ) জুনিয়র কর্মকর্তা এবং পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যগণকে নিম্নতর পদে পদাবনমন;
(জ) কর্মকর্তাগণের পদোন্নতির জন্য যে কোন মেয়াদে চাকুরী বাজেয়াপ্তকরণ এবং জুনিয়র কর্মকর্তা ও পদবীধারী বর্ডার গার্ড সদস্যগণের ক্ষেত্রে যাহাদের পদোন্নতি চাকুরীর জ্যেষ্ঠতার উপর নির্ভরশীল তাহাদের পদোন্নতির নিমিত্ত গণ্য যে কোন মেয়াদে জ্যেষ্ঠতা হরণ;
(ঝ) বর্ধিত বেতনের ক্ষেত্রে চাকুরী বাজেয়াপ্তকরণ;
(ঞ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এবং পদবীধারী বর্ডার গার্ড সদস্যগণের ক্ষেত্রে ভৎর্সনা ও কঠোর ভৎর্সনা;
(ট) জরিমানা;
(ঠ) কোন ব্যক্তিকে চাকুরী হইতে বরখাস্তজনিত দণ্ড প্রদানের ক্ষেত্রে বরখাস্তের সময় তাহার প্রাপ্য সমস্ত বকেয়া বেতন ও ভাতাদি এবং অন্যান্য সরকারি পাওনা বাজেয়াপ্তকরণ;
(ড) বেতন ও ভাতা স্থগিতকরণ, যতক্ষণ না, তাহার কৃত অপরাধের কারণে প্রমাণিত কোন ক্ষতি বা অনিষ্টের ক্ষতিপূরণ হয়।
(২) উপ-ধারা (১) এর (ঙ) দফায় উল্লিখিত দণ্ড, শুধুমাত্র দণ্ড অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক ধারা ১০৪ এ প্রদত্ত ক্ষমতা প্রয়োগকালে অথবা বর্ডার গার্ড আদালত কর্তৃক ধারা ১০৫-এ উল্লিখিত পুনরীক্ষণ (Revision) এর সময় ধারা ১০৮-এ উল্লিখিত কর্তৃপক্ষ কর্তৃক সংক্ষুদ্ধ ব্যক্তির প্রতিকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োগ করা যাইবে।