জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যগণের নিয়োগ, পদোন্নতি ও চাকুরীর শর্তাবলী
১৯। (১) জুনিয়র কর্মকর্তাগণের নিয়োগ এবং বর্ডার গার্ড সদস্যগণের তালিকাভুক্তি ও চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(২) বিধি অনুসারে তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যগণের মধ্য হইতে জ্যেষ্ঠতা, মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে পদবিধারী বর্ডার গার্ড সদস্য ও জুনিয়র কর্মকর্তাগণের নিয়োগ প্রদান করা হইবে।
(৩) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, জুনিয়র কর্মকর্তাগণের মধ্য হইতে অনারারী কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করিবেন।
(৪) মহাপরিচালক, অসামরিক ব্যক্তিগণের মধ্য হইতে বর্ডার গার্ড সদস্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে ঘাটতি জনবল পূরণ করিতে পারিবেন।
(৫) মহাপরিচালক সরকারের পূর্বানুমোদনক্রমে, বাহিনীর ঘাটতি জনবলের বিপরীতে, সংরক্ষিত অংশের সদস্যগণের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক জুনিয়র কর্মকর্তা, পদবিধারী বর্ডার গার্ড সদস্য এবং তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করিতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, বিধি অনুসারে ঘাটতি জনবল নিয়োগ ও প্রাথমিক প্রশিক্ষণ সমাপনান্তে তাহাদিগকে দায়িত্ব প্রদান করিবার পর, যথাশীঘ্র সম্ভব, সাময়িকভাবে নিয়োজিত সংরক্ষিত অংশের সদস্যগণকে তাহাদের নিযুক্তি ও দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে হইবে।