যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্য অবস্থায় কৃত অপরাধ
২৭। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) কোন প্রহরীকে বলপ্রয়োগ করেন, আঘাত করেন অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন;
(খ) লুন্ঠন করিবার উদ্দেশ্যে কোন বাড়ি বা অন্য কোন স্থানে বল প্রয়োগপূর্বক প্রবেশ করেন;
(গ) প্রহরীর কর্তব্যরত অবস্থায় পর্যবেক্ষণ চৌকিতে নিদ্রা যান, মাতাল হন বা, অনুমতি ব্যতীত পর্যবেক্ষণ চৌকি ত্যাগ করেন;
(ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমতি ব্যতিরেকে পর্যবেক্ষণ চৌকি, টহল বা প্রহরীদল ত্যাগ করেন;
(ঙ) ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করিয়া কোন চৌকি, শিবির, সামরিক বা বর্ডার গার্ড ছাউনিতে মিথ্যা বিপদ সংকেত করেন অথবা ত্রাস বা নৈরাশ্য সৃষ্টির অভিপ্রায়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালান; অথবা
(চ) জানিবার অধিকারী নহেন এমন ব্যক্তির নিকট ইচ্ছাকৃতভাবে শব্দ সংকেত বা শব্দ সংকেতমালা বা শনাক্তকরণ অবহিত করেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক-
(অ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত অবস্থায় অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ১৪ (চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে; এবং
(আ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত ব্যতীত অন্যান্য অবস্থায় এই অপরাধ সংঘটিত হইলে, অনধিক ৭ (সাত)বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।