সীমান্ত কর্তব্য অবহেলা, উৎকোচ গ্রহণ বা প্রদান, ইত্যাদি
৩৮।(১) যদি অধিভুক্ত কোন ব্যক্তি-
(ক) চোরাচালানের সহিত সম্পৃক্ত হন;
(খ) চোরাচালানে সহায়তা করেন;
(গ) চোরাচালান দমনে ব্যর্থ হন;
(ঘ) উৎকোচ গ্রহণের মাধ্যমে আটককৃত চোরাচালানী মালামাল ছাড়িয়া দেন;
(ঙ) আটককৃত চোরাচালানী মালামালের সম্পূর্ণ বা অংশবিশেষ আত্মসাৎ করেন;
(চ) মাদকদ্রব্য বা মনুষ্য পাচারে সম্পৃক্ত হন বা সহায়তা করেন; অথবা
(ছ) সীমান্ত এলাকায় দায়িত্বরত থাকিয়া দায়িত্ব পালনে অবহেলা করেন;
তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।
(২) যদি অধিভুক্ত কোন ব্যক্তি রাষ্ট্রীয় কোন কার্য বা চাকুরী সংক্রান্ত কোন কার্য করিবার বা কোন কার্য করা হইতে বিরত থাকিবার বা কোন ব্যক্তির প্রতি পক্ষপাত বা পক্ষপাতহীনতা প্রদর্শনের কারণে পুরস্কার স্বরূপ, তাহার বৈধ পারিতোষিক ব্যতীত, অন্য কোন পারিতোষিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের বা অন্য কাহারও জন্য, অন্য কোন ব্যক্তির নিকট হইতে গ্রহণ করেন বা লাভ করেন বা গ্রহণ করিতে সম্মত হন বা গ্রহণের চেষ্টা করেন অথবা অধিভুক্ত কোন ব্যক্তির উৎকোচ গ্রহণের বিষয় জ্ঞাত হওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত না করেন, তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৭ (সাত) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।