বন্দী ব্যক্তি সম্পর্কিত অপরাধ
৪০। (১) অধিভুক্ত কোন ব্যক্তি যদি ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোন বন্দীকে বা বাহিনীর হাজত হইতে কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মুক্ত করেন, তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক-
(ক) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত অবস্থায় অপরাধটি সংঘটিত হইলে, অনধিক ১৪(চৌদ্দ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন; অথবা
(খ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যরত ব্যতীত অন্যান্য অবস্থায় এই অপরাধ সংঘটিত হইলে, অনধিক ০৫(পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।
(২) অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) অবহেলা করিয়া অথবা কোন যুক্তিসংগত কারণ ব্যতীত তাহার হেফাজতে রক্ষিত কোন যুদ্ধবন্দীকে বা বন্দীকে পালাইয়া যাইতে সুযোগ প্রদান করেন; অথবা
(খ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মুক্ত হওয়া ব্যতীত একজন আইনানুগ বন্দী হওয়া সত্ত্বেও হাজত হইতে পলায়ন করেন বা পলায়নের চেষ্টা করেন;
তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।
(৩) অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) কোন ব্যক্তিকে গ্রেফতার করিবার পর আইনানুগ কারণ ব্যতিরেকে উক্ত ব্যক্তিকে বিচারের জন্য সোপর্দ না করিয়া অথবা বিষয়টি তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষর গোচরিভূত করিতে ব্যর্থ হইয়া উক্ত ব্যক্তিকে আটক রাখেন; অথবা
(খ) কোন ব্যক্তিকে গ্রেফতার করিবার পর উক্ত ব্যক্তিকে বিচারের নিমিত্ত নির্ধারিত কর্মকর্তা বা কর্তৃপক্ষর নিকট হস্তান্তরকালে অথবা যথাশীঘ্র সম্ভব এবং যে কোন ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করিবার কারণ লিখিত ও যুক্তিসঙ্গতভাবে উপরোক্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষর নিকট দাখিল করিতে ব্যর্থ হন;
তাহা হইলে তিনি, কর্মকর্তা হইলে, বর্ডার গার্ড আদালত কর্তৃক, চাকুরী হইতে বরখাস্ত অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে, এবং, কর্মকর্তা ব্যতীত অন্য পদবীর হইলে, অনধিক ০২ (দুই) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।