বর্ডার গার্ড আদালত ও তদন্ত আদালত সংক্রান্ত অপরাধ
৪৫। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) বর্ডার গার্ড আদালতে বা তদন্ত আদালতে শপথ বা হলফ করিবার প্রয়োজন হইলে, শপথ বা হলফ গ্রহণে অস্বীকার করেন;
(খ) বর্ডার গার্ড আদালত বা তদন্ত আদালতে কোন প্রশ্নের উত্তর বা কোন তথ্য, দলিল বা অন্যান্য নথিপত্র প্রদান বা উপস্থাপন করিবার যথার্থ প্রয়োজন হইলে, উক্ত প্রশ্নের উত্তর, তথ্য, দলিল বা অন্যান্য নথিপত্র প্রদান বা উপস্থাপন না করেন;
(গ) বর্ডার গার্ড আদালতে বা তদন্ত আদালতে মিথ্যা অথবা সত্য বলিয়া বিশ্বাস করেন বা এইরূপ বিবৃতি প্রদান করেন অথবা আদালতের কার্য সম্পাদনের ক্ষেত্রে অসহযোগিতা করেন; অথবা
(ঘ) বর্ডার গার্ড আদালতে বা তদন্ত আদালতে অপমানজনক, হুমকি প্রদর্শনমূলক ভাষা ব্যবহার করেন বা বর্ডার গার্ড আদালত বা তদন্ত আদালতের কার্যপদ্ধতি চলাকালীন সময় উহার ধারাবাহিকতায় বাধা প্রদান করেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন;
তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৭ (সাত) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs