একাদশ অধ্যায়
বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা
স্পেশাল বর্ডার গার্ড আদালত
৭১।(১) মহাপরিচালক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা যিনি রিজিয়ন কমান্ডারের নিযুক্তিতে রহিয়াছেন তিনি স্পেশাল বর্ডার গার্ড আদালত গঠন করিতে পারিবেন।
(২) অন্যূন তিন জন অথবা ক্ষেত্রমত, পাঁচ জন কর্মকর্তার সমন্বয়ে স্পেশাল বর্ডার গার্ড আদালত গঠিত হইবে এবং তাহাদের প্রত্যেকের অন্যূন ১০ (দশ) বৎসরের কমিশন বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসাবে চাকুরীর অভিজ্ঞতা থাকিতে হইবে এবং তাহাদের মধ্যে অন্যূন তিন জন সদস্য অতিরিক্ত পরিচালক পদমর্যাদার নিম্নে হইবেন না।
(৩) বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষ, স্পেশাল বর্ডার গার্ড আদালতের সদস্যগণের মধ্য হইতে একজন সভাপতি নিয়োগ করিবেন।
(৪) বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি স্পেশাল বর্ডার গার্ড আদালতে আবশ্যিকভাবে একজন আইন কর্মকর্তা নিয়োগ করিতে হইবে।
(৫) স্পেশাল বর্ডার গার্ড আদালতের এই আইনের অধীন বিচার্য যে কোন অপরাধের জন্য অধিভুক্ত যে কোন ব্যক্তির বিচার করিবার এবং এই আইনে অনুমোদিত যে কোন দণ্ড প্রদান করিবার ক্ষমতা থাকিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs