প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

ত্রয়োদশ অধ্যায়

রায় এবং দণ্ডাদেশ অনুমোদন (confirmation) এবং পুনর্বিবেচনা

বর্ডার গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশের বিরূদ্ধে প্রতিকার
১০৯। (১) অধিভুক্ত কোন ব্যক্তি স্পেশাল বর্ডার গার্ড আদালত বা স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালতের রায় বা দণ্ডাদেশের দ্বারা সংক্ষুব্ধ হইলে, উক্ত রায় ও দণ্ডাদেশ অনুমোদিত হইবার পূর্বে, অনুমোদনকারী কর্তৃপক্ষ বা কর্মকর্তার নিকট অথবা অনুমোদিত হইবার পর সরকার, মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দণ্ডর গুরূত্ব অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রতিকার প্রার্থনা করিয়া আবেদন করিতে পারিবেন।
 
 
(২) সামারী বর্ডার গার্ড আদালতের রায় বা দণ্ডাদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি কার্যধারা প্রতিস্বাক্ষরের পূর্বে কার্যধারা প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষর নিকট এবং প্রতিস্বাক্ষরের পর মহাপরিচালক বা স্পেশাল বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষর নিকট প্রতিকার প্রার্থনা করিয়া আবেদন করিতে পারিবেনঃ
 
 
তবে শর্ত থাকে যে, অনুমোদনকারী কর্মকর্তা, প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার পদমর্যাদা হইতে উচ্চতর হইবেনঃ
 
 
আরও শর্ত থাকে যে, সংক্ষুব্ধ ব্যক্তি এই ধারায় রায় বা দণ্ডাদেশের বিরূদ্ধে প্রতিকার চাহিয়া আবেদন করিলে, তিনি ধারা ১১১ এর অধীন কোন আপীল দায়ের করিতে পারিবেন না।
 
 
(৩) উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত শর্তাবলী ক্ষুণ্ণ না করিয়া, উক্ত উপ-ধারা অনুসারে প্রাপ্ত কোন প্রতিকারের আবেদনকে সরকার, মহাপরিচালক অথবা ধারা ১০২ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করিতে পারিবেন।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs