প্রিন্ট ভিউ

উদ্ভিদ সংগনিরোধ আইন, ২০১১

( ২০১১ সনের ৫ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

বিবিধ

ফিস ও মাসুল
৩৫। সরকার কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি পরিদর্শন, পরীক্ষণ অথবা ঐ সব উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্য শোধনের জন্য, সময় সময়, ফিস ও মাসুল নির্ধারণ করিতে পারিবেন এবং উক্ত ফিস ও মাসুল আদায় পদ্ধতিও নির্ধারণ করিতে পারিবেন।
 
 
ব্যয় নির্বাহ
৩৬। কোন আমদানিকারক আমদানি অনুমতিপত্রে উল্লিখিত শর্ত লঙ্ঘন করিয়া কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি করিলে উক্ত আমদানিকৃত দ্রব্যাদি শোধন বা অপসারণ বা ধ্বংস করিবার ক্ষেত্রে যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট আমদানিকারক বহন করিবে।
 
 
দায়মুক্তি
৩৭। এই আইন বা তদাধীন প্রণীত বিধিমালার অধীন সরল বিশ্বাসে কৃতকর্মের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য কর্তৃপক্ষ বা উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা বা সরকারের বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না
অসুবিধা দুরীকরণ
৩৮। এই আইনের কোন বিধানে অস্পষ্টতার কারণে উহা কার্যকর করিবার ক্ষেত্রে, কোন অসুবিধা দেখা দিলে সরকার, অন্যান্য বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্তরূপ অসুবিধা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
 
 
 
বিধি প্রণয়নের ক্ষমতা
৩৯। (১) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে।
 
 
(২) উপ-ধারা (১) এর সামগ্রীকতাকে ক্ষুণ্ন না করিয়া, উক্তরূপ বিধিতে নিম্নবর্ণিত বিষয়েও বিধান করা যাইবে, যথা:-
 
 
(ক) যে সকল উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি অথবা প্যাকিং দ্রব্যাদির সহিত পরিবাহিত হইয়া কোন বালাই বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের সম্ভবনা রহিয়াছে উহা নির্ধারণের পদ্ধতি সংক্রান্ত;
 
 
(খ) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানি বা রপ্তানির ক্ষেত্রে প্রবেশ পথ বা বহির্গমন পথ নির্ধারণ এবং উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র স্থাপন সংক্রান্ত;
 
 
(গ) উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগে অনুসরণীয় বাধ্যবাধকতা সংক্রান্ত ;
 
 
(ঘ) পরিদর্শন, তত্ত্বাবধান, শোধন, ধ্বংস ও অপসারণ সংক্রান্ত;
 
 
(ঙ) আমদানি অনুমতিপত্র বা প্রত্যয়নপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্র দাখিল, উহা নিষ্পত্তি এবং আপীল দায়ের ও উহার নিষ্পত্তির পদ্ধতি সংক্রান্ত ;
 
 
(চ) উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র সংক্রান্ত;
 
 
(ছ) নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা এবং ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত;
 
 
(জ) প্রশিক্ষণ, ল্যাবরেটরী স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত;
 
 
(ঝ) ফিস ও মাসুল আদায়ের পদ্ধতি; এবং
 
 
(ঞ) সংশ্লিষ্ট অন্য যে কোন বিষয় যাহা এই আইনের আওতায় প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে।
 
 
ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
৪০। এই আইন প্রবর্তনের পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের হুবহু ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবেঃ
 
 
তবে শর্ত থাকে যে, মূল বাংলা পাঠ এবং ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।
 
 
 
রহিতকরণ ও হেফাজত
৪১। The Destructive Insects and Pests Act, 1914 (Act No. II of 1914) অত:পর রহিতকৃত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল। উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত আইনের অধীন কৃত কাজ কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs