ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এর বিলোপ, রূপান্তর, হেফাজত, ইত্যাদি
৬০। (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে তদানীন্তন ত্রাণ ও পুনর্বাসন বিভাগের ০৯/০১/১৯৮৩ ও ২৯/০১/১৯৮৪ খ্রিস্টাব্দ তারিখের, যখাক্রমে, RRD-Sec-Admin-I/67/82/35 ও Sec-Admin-II/5/84-30 সংখ্যক নির্বাহী আদেশ রহিত হইবে এবং উক্ত আদেশ দ্বারা গঠিত ও পুনঃগঠিত বিদ্যমান ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, অতঃপর বিলুপ্ত অধিদপ্তর বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিত ও বিলুপ্ত হইবার সংগে সংগে বিলুপ্ত অধিদপ্তর, ধারা ৭ এর বিধান অনুসারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে রুপান্তরিত হইবে এবং উক্ত বিলুপ্ত অধিদপ্তরের-
(ক) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার অধিদপ্তরে হস্তান্তরিত হইবে এবং অধিদপ্তর উহার স্বত্বাধিকারী হইবে;
(খ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা অধিদপ্তরের বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে;
(গ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে অধিদপ্তরের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, পক্ষে বা সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(ঘ) সকল রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত অধিদপ্তরে স্থানান্তরিত হইবে এবং অধিদপ্তর উক্ত স্থানান্তরিত রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত সরকারি বিধি-বিধান অনুযায়ী সংরক্ষণ করিবে;
(ঙ) অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত অধঃস্তন বা শাখা কার্যালয়ের, যে নামে ও স্থানেই প্রতিষ্ঠিত বা স্থাপিত হউক না কেন, কার্যক্রম এই আইনের অধীন অধিদপ্তরের অধঃস্তন বা শাখা কার্যালয় স্থাপিত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, এমনভাবে কার্যকর ও অব্যাহত থাকিবে যেন উহারা এই আইনের অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত হইয়াছে;
(চ) প্রণীত ও জারিকৃত সকল আদেশ, নির্দেশ, নীতিমালা বা ইনস্ট্রুমেন্ট, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, একই বিষয় ও উদ্দেশ্যে অধিদপ্তর কর্তৃক প্রণীত ও জারি না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ, পূর্বের ন্যায় এমনভাবে চলমান, অব্যাহত ও কার্যকর থাকিবে যেন উহারা অধিদপ্তর কর্তৃক প্রণীত ও জারি হইয়াছে;
(ছ) গৃহীত কার্যক্রম, প্রদত্ত সিদ্ধান্ত, প্রশিক্ষণ বা অন্য কোন কর্মসূচি চলমান, অনিষ্পন্ন বা অবাস্তবায়িত থাকিলে উহা অধিদপ্তরের অধীনে এমনভাবে নিষ্পন্ন বা বাস্তবায়ন করা যাইবে যেন উক্ত কার্যক্রম, সিদ্ধান্ত, প্রশিক্ষণ বা কর্মসূচি অধিদপ্তর কর্তৃক গৃহীত হইয়াছে;
(জ) কর্মকর্তা ও কর্মচারীগণ যে নিয়ম ও শর্তে বিলুপ্ত অধিদপ্তরে কর্মরত ছিলেন, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত, সেই একই নিয়ম ও শর্তে অধিদপ্তরে বদলী হইয়া, অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীনে উহার কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন, ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হইবেন; এবং
(ঝ) কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য প্রযোজ্য বিদ্যমান চাকুরি বিধিমালা, নিয়োগ বিধিমালা বা অন্য কোন লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ, সেই একই নিয়ম ও শর্তে এমনভাবে অধিদপ্তরে বদলীকৃত বিলুপ্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে বলবৎ থাকিবে যেন উক্ত চাকুরি বিধিমালা, নিয়োগ বিধিমালা বা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট এই আইনের অধীন প্রণীত হইয়াছে।
(৩) এই আইন কার্যকর হইবার সংগে সংগে তদানীন্তন ত্রাণ মন্ত্রণালয়ের ৮-৫-১৯৯৩ খ্রিস্টাব্দ তারিখের ত্রাম/প্রশাসন-১/২৭/১৩/২৬০(৬৫) সংখ্যক অফিস স্মারক রহিত হইবে এবং উক্ত স্মারক দ্বারা গঠিত দুযোর্গ ব্যবস্থাপনা ব্যুরো, অতঃপর ব্যুরো বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে ।
(৪) উপ-ধারা (৩) এর অধীন রহিত ও বিলুপ্ত হইবার সংগে সংগে বিলুপ্ত ব্যুরোর-
(ক) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য সকল প্রকার দাবী ও অধিকার অধিদপ্তরে হস্তান্তরিত হইবে এবং অধিদপ্তর উহার স্বত্বাধিকারী হইবে;
(খ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা অধিদপ্তরের বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে;
(গ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি যথাক্রমে অধিদপ্তরের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, পক্ষে বা সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(ঘ) সকল রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত অধিদপ্তরে স্থানান্তরিত হইবে এবং অধিদপ্তর উক্ত স্থানান্তরিত রেকর্ড, নথিপত্র, দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত সরকারি বিধি-বিধান অনুযায়ী সংরক্ষণ করিবে;
(ঙ) অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত অধঃস্তন বা শাখা কার্যালয়ের, যে নামে ও স্থানেই প্রতিষ্ঠিত বা স্থাপিত হউক না কেন, কার্যক্রম এই আইনের অধীন অধিদপ্তরের অধঃস্তন বা শাখা কার্যালয় স্থাপিত না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, এমনভাবে কার্যকর ও অব্যাহত থাকিবে যেন উহারা এই আইনের অধীন প্রতিষ্ঠিত বা স্থাপিত হইয়াছে;
(চ) প্রণীত ও জারিকৃত সকল আদেশ, নির্দেশ, নীতিমালা বা ইনস্ট্রুমেন্ট, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, একই বিষয় ও উদ্দেশ্যে অধিদপ্তর কর্তৃক প্রণীত ও জারি না হওয়া পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ, পূর্বের ন্যায় এমনভাবে চলমান, অব্যাহত ও কার্যকর থাকিবে যেন উহারা অধিদপ্তর কর্তৃক প্রণীত ও জারী হইয়াছে;
(ছ) গৃহীত কার্যক্রম, প্রদত্ত সিদ্ধান্ত, প্রশিক্ষণ বা অন্য কোন কর্মসূচি চলমান, অনিষ্পন্ন বা অবাস্তবায়িত থাকিলে উহা অধিদপ্তরের অধীনে এমনভাবে নিষ্পন্ন বা বাস্তবায়ন করা যাইবে যেন উক্ত কার্যক্রম, সিদ্ধান্ত, প্রশিক্ষণ বা কর্মসূচি অধিদপ্তর কর্তৃক গৃহীত হইয়াছে;
(জ) কর্মকর্তা ও কর্মচারীগণ যে নিয়ম ও শর্তে বিলুপ্ত ব্যুরোতে কর্মরত ছিলেন, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত, সেই একই নিয়ম ও শর্তে অধিদপ্তরে বদলী হইয়া, অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীনে উহার কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন, ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হইবেন; এবং
(ঝ) কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য প্রযোজ্য বিদ্যমান চাকুরি বিধিমালা, নিয়োগ বিধিমালা বা অন্য কোন লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, পরিবর্তিত বা পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত বা, ক্ষেত্রমত, বিলুপ্ত না করা পর্যন্ত, প্রয়োজনীয় অভিযোজনসহ, সেই একই নিয়ম ও শর্তে এমনভাবে অধিদপ্তরে বদলীকৃত বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারীগণের ক্ষেত্রে বলবৎ থাকিবে যেন উক্ত চাকুরি বিধিমালা, নিয়োগ বিধিমালা বা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট এই আইনের অধীন প্রণীত হইয়াছে।
(৫) অধিদপ্তর উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত অধিদপ্তর এবং উপ-ধারা (৩) এর অধীন বিলুপ্ত ব্যুরো হইতে বদলীকৃত কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য, যথাশীঘ্র সম্ভব, নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনায় লইয়া পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণপূর্বক, সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করিবে এবং উক্ত তালিকা সংরক্ষণ করিবে, যথাঃ-
(ক) সংশ্লিষ্ট পদে যোগদানের তারিখ হইতে জ্যেষ্ঠতা গণনা করিতে হইবে;
(খ) একই সময়ে একধিক কর্মকর্তা বা কর্মচারী নিয়োগপ্রাপ্ত হইলে, সংশ্লিষ্ট বাছাই কমিটি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত মেধা তালিকা অনুসারে উক্ত কর্মকর্তা বা কর্মচারীগণের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করিতে হইবে;
(গ) পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতির আদেশ জারীর তারিখ হইতে অথবা উক্ত আদেশে যে তারিখ উল্লেখ থাকিবে সেই তারিখ হইতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর জ্যেষ্ঠতা গণনা করিতে হইবে;
(ঘ) একই সময়ে একাধিক কর্মকর্তা বা কর্মচারীকে পদোন্নতি প্রদান করা হইলে, যে পদ হইতে পদোন্নতি প্রদান করা হইয়াছে, সেই পদে তাহাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদত্ত পদে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করিতে হইবে;
(ঙ) একই তারিখে যোগদানকারী সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে জ্যেষ্ঠতা প্রদান করিতে হইবে;
(চ) উপরি-উক্ত দফাসমূহে উল্লিখিতভাবে জ্যেষ্ঠতা গণনার ক্ষেত্রে একই তারিখের একাধিক কর্মকর্তা বা কর্মচারী বিবেচনাধীন থাকিলে, তাহাদের মধ্যে জন্ম তারিখ অনুযায়ী যিনি জ্যেষ্ঠ থাকিবেন, তাহাকে জ্যেষ্ঠতা প্রদান করিতে হইবে।