প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি

1[৪।  (১) নিম্নবর্ণিত প্রত্যেক ব্যক্তি কোন মাসের প্রথম দিন হইতে মূসক নিবন্ধনযোগ্য হইবেন, যথা:-

(ক) যে ব্যক্তির টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের শেষে সমাপ্ত ১২ (বার) মাস সময়ে নিবন্ধনসীমা অতিক্রম করে; বা

(খ) যে ব্যক্তির প্রাক্কলিত টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের প্রারম্ভ হইতে পরবর্তী ১২ (বার) মাস সময়ে নিবন্ধনসীমা অতিক্রম করে।

 

2[(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তিকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধিত হইতে হইবে, যিনি-

(ক) বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন;

(খ) কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন চুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন;

(গ) কোন আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত;

(ঘ) বিদেশি কোন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজোঁ অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেন;

(ঙ) মূসক এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন;

(চ) বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত।]

 

3[(৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (BIN) বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে উপস্থাপন করিতে হইবে, যথা:

(ক) যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কোন ব্যাংক বা NBFI বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা STD হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে;

(খ) কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক বা NBFI বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান হইতে ঋণ গ্রহণের ক্ষেত্রে;

(গ) ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে;

(ঘ) কোন Mobile Financial Services (MFS) এর Marchant Account খোলার ক্ষেত্রে;

(ঙ) বাণিজ্য সংগঠনের সদস্য পদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে;

(চ) কোন ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে; এবং

(ছ) বিআরটিএ হইতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন গ্রহণের ক্ষেত্রে।]


  • 1
    ধারা ৪ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৫৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
  • 3
    উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs