পরিচালনা পর্ষদ গঠন
৯। (১) একজন চেয়ারম্যান এবং অনধিক ১৬ (ষোল) জন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ গঠিত হইবে।
(২) চেয়ারম্যান ও ৫ (পাঁচ) জন সদস্য পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক সদস্য হইবেন এবং অন্যান্য সদস্যগণ অবৈতনিক সদস্য হইবেন।
(৩) চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সার্বক্ষণিক সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরকৃত হইবে।
(৪) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন ।
(৫) বিধিতে উল্লিখিত মন্ত্রণালয়/বিভাগের ৬ (ছয়) জন প্রতিনিধি, এবং শিক্ষাবিদ, পেশাজীবী, কারিগরী বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি বা বেসরকারি উন্নয়ন সংস্থা হইতে সরকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সদস্য পরিচালনা পর্ষদের অবৈতনিক সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হইবেন।
(৬) উপ-ধারা (৫) এর অধীন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে যে, উক্তরূপ মনোনীত কোন সদস্য সরকার কর্তৃক অনুরুদ্ধ হইলে, তিনি সদস্য পদ হইতে পদত্যাগ করিবেন অথবা কোন সদস্য চেয়ারম্যানের উদ্দেশ্যে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
(৭) সরকার উপ-ধারা (৫) এর অধীন মনোনীত কোন সদস্যকে পুনঃমনোনয়ন প্রদান করিতে পারিবে।