প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫২ নং আইন )

চতুর্থ অধ্যায়

সংগঠন প্রতিষ্ঠা, নিবন্ধন, অভিভাবক নিয়োগ, ইত্যাদি

নিবন্ধিত সংগঠন বরাবরে সহায়তা প্রদান, ইত্যাদি
২২। (১) কোনো নিবন্ধিত সংগঠন উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা যাচনা করিয়া বোর্ডের নিকট আবেদন করিতে পারিবে।
 
 
(২) বোর্ড, নির্ধারিত পদ্ধতিতে, উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রাক-অর্থ সহায়তা অবস্থা যাচাইপূর্বক যাচিত আর্থিক সহায়তা মঞ্জুর করিতে পারিবে।
 
 
(৩) নিম্নরূপ কোনো কর্মসূচির জন্য আর্থিক সহায়তার আবেদন করা যাইবে, যথা:
 
 
(ক) সমাজে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য সম্মানজনক বসবাসের পরিবেশ ও সুযোগ সৃষ্টি;
 
 
(খ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্যবৃন্দকে কাউন্সেলিং ও প্রশিক্ষণ প্রদান :
 
 
তবে শর্ত থাকে যে, কাউন্সেলিং ও প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে মহিলা, শিশু, ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বৎসর বয়সী বয়স্ক বা গুরুতর নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্যদের অগ্রাধিকার প্রদান করিতে হইবে;
 
 
(গ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য অবকাশকালীন যত্ন, ফস্টার ফ্যামিলি কেয়ার বা দিবাযত্ন সেবা প্রদান এবং উৎসাহিতকরণ;
 
 
(ঘ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির জন্য আবাসিক হোস্টেল বা আবাসিক আশ্রয়কেন্দ্র স্থাপন ও পরিচালনা; এবং
 
 
(ঙ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের তাহাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্বনির্ভর দল গঠন।
 
 
(৪) বোর্ড, সময় সময়, আর্থিক সহায়তাপ্রাপ্ত নিবন্ধিত সংগঠনের কর্মকাণ্ড পরিবীক্ষণ, তদারকি ও মূল্যায়ন করিতে পারিবে।
 
 
(৫) বোর্ড যে কোনো নিবন্ধিত সংগঠনের নথিপত্র, দলিল-দস্তাবেজ, প্রকাশনা বা কর্মসূচি পরিদর্শনের লক্ষ্যে উক্ত নথিপত্র, দলিল-দস্তাবেজ বা প্রকাশনা বোর্ডের নিকট উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সংগঠনকে নির্দেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত সংগঠন তদনুযায়ী সংশ্লিষ্ট নথিপত্র, দলিল-দস্তাবেজ বা প্রকাশনা বোর্ডের নিকট উপস্থাপন করিতে বাধ্য থাকিবে।
 
 
(৬) নিবন্ধিত সংগঠনকে, প্রতি বৎসর, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানসহ উহার বার্ষিক আয়- ব্যয়ের হিসাব বিবরণী প্রকাশ করিতে হইবে, যাহার কপি বোর্ডের নিকট দাখিল করিতে হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs