প্রিন্ট ভিউ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৭ নং আইন )

অষ্টম অধ্যায়

বিবিধ

নির্দেশনা প্রদানের ক্ষমতা
২৭। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের কোন বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সময় সময়, বোর্ডকে, উক্ত অসুবিধা দূরীকরণার্থে তদবিবেচনায় যেইরূপ উপযুক্ত মনে করিবে, সেইরূপ পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং বোর্ড উক্তরূপ সকল নির্দেশনা পালন করিবে।
বিধি প্রণয়নের ক্ষমতা
২৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
২৯।এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড সরকারের পূর্বানুমোদনক্রমে, এবং সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও তদ্‌ধীন প্রণীত বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।
জরুরী ও অত্যাবশ্যকীয় সার্ভিস
৩০। বোর্ড, সমিতি বা এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে গঠিত অন্যান্য সংস্থা বা কোম্পানীর চাকুরী সরকারের জরুরী ও অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে গণ্য হইবে।
বোর্ড, ইত্যাদিকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প ইত্যাদি হিসাবে ব্যাখ্যা না করা
৩১। আপাততঃ বলবৎ অন্যান্য আইনে যাহাই থাকুক না কেন, শ্রম আইন ২০০৬ (২০০৬ সনের ৪২নং আইন) অনুযায়ী বোর্ড, সমিতি বা এই আইনের ধারা ৬(ট) এ বর্ণিত কোন সংগঠন বা কোম্পানীকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান হিসাবে ব্যাখ্যা করা যাইবে না।
অবসায়ন
৩২। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসায়ন সংক্রান্ত আইনের কোন বিধান বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, এবং সরকারের নির্দেশ বা সরকার যে পদ্ধতি নির্দেশ করিবে উহা ব্যতীত বোর্ড অবসায়ন করা যাইবে না।
রহিতকরণ ও হেফাজত
৩৩। (১) এর আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে Rural Electrification Board Ordinance, 1977 (Ordinance No.LI of 1977), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে।
 
 
(২) উক্ত আইন রহিত হওয়া সত্ত্বেও-
 
 
(ক) উক্ত আইনের অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা, সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
 
(খ) উক্ত আইনের অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারিকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত বা জারিকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
 
 
(গ) উক্ত আইন দ্বারা উহার অধীন আরোপিত কোন কর বা ফিস বা অন্য কোন পাওনা, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে অনাদায়ী থাকিলে, উহা উক্ত আইন অনুযায়ী আদায় করা হইবে, এবং কোন বিষয় অনিষ্পন্ন থাকিলে, তাহা উক্ত আইন অনুযায়ী এমনভাবে নিষ্পন্ন হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই।
 
 
ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ, ইত্যাদি
৩৪। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।
(২) এই আইনের বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs