প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬১ নং আইন )

নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি

৫। (১) কোন ব্যক্তি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে চাহিলে, নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধনের জন্য নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথাঃ—

 
 

(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;

 
 

(খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি;

 
 

(গ) ব্যবসায়িক ঠিকানা;

 
 

(ঘ) কোম্পানি হইলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেলস অব এসোসিয়েশন, এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের সত্যায়িত অনুলিপি; 1[***]

 
 
 

2[(ঙ) আকাশপথে ভ্রমণের সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তির নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিবে না বা তাহাকে মিথ্যা প্রলোভন দেখাইবে না বা তাহার সহিত কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করা হইবে না বা অন্য কোনো ট্রাভেল এজেন্সির নিকট হইতে টিকেট ক্রয়-বিক্রয় করা হইবে না বা ট্রাভেল এজেন্সির ঠিকানায় রিক্রুটিং এজেন্ট হিসাবে ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক মাধ্যমে লেনদেন করিতে হইবে মর্মে হলফনামা;]

 

3[(চ) পরিবারের সদস্যবর্গের নামে ট্রাভেল এজেন্সি থাকিলে এজেন্সির নাম, নিবন্ধন নম্বর, মালিকের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র, ছবি, উত্তরাধিকার সনদ, অর্থের উৎসসহ চূড়ান্ত উপকারভোগী মালিকের নাম ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং স্বার্থ নিরপেক্ষ লেনদেন অনুযায়ী ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার তথ্যাদি; এবং

 

(ছ) অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হইবে ১০ (দশ) লক্ষ টাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির পরিমাণ হইবে ১ (এক) কোটি টাকা।]

 

 (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে—

 
 

(ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন সনদ ইস্যু করিবে; অথবা

 
 

(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবে।

 
 
 

(৩) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance, 1977 (ordinance No. XLVIII of 1977) এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি উহার কার্যক্রম অব্যাহত রাখিতে চাহিলে উক্ত ট্রাভেল এজেন্সিকে এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নিবন্ধনের জন্য উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী আবেদন করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs