প্রিন্ট ভিউ

উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪

( ২০১৪ সনের ১৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

বাস্তবায়ন কাঠামো

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নামে একটি ব্যুরো স্থাপন করিবে, যাহার প্রধান হইবেন মহাপরিচালক।
 
 
(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।
 
 
(৩) ব্যুরোর কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে নিয়োগ করা যাইবে।
 
 
(৪) ব্যুরোর প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং সরকার বাংলাদেশের যে কোন স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।
 
 
(৫) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে সরকারি সিদ্ধান্তে প্রতিষ্ঠিত বিদ্যমান উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-ধারা (১) এর অধীন স্থাপিত ব্যুরো বলিয়া গণ্য হইবে এবং উক্ত ব্যুরোতে কর্মরত মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এই আইনের অধীন নিযুক্ত মহাপরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন।
ব্যুরোর কার্যাবলী
১২। এই আইনের অধীন ব্যুরোর কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:-
 
 
(ক) উপানুষ্ঠানিক শিক্ষা প্রদানকারী বিভিন্ন সরকারি সংস্থা, অংশীদারী বেসরকারি সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, নিয়োগকর্তা বা সংস্থা, উদ্যোগ উন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতামূলক কর্মপদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন;
 
 
(খ) উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে কার্যরত বা আগ্রহী সকল সরকারি সংস্থা, বিভাগ ও বেসরকারি সংস্থাসমূহকে পরামর্শ, প্রশিক্ষণ, অনুকূল পরিবেশ সৃষ্টিসহ দক্ষতা বৃদ্ধির সকল প্রকার সহযোগিতা প্রদান;
 
 
(গ) সকল সরকারি সংস্থা, বিভাগ এবং বেসরকারি সংস্থা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি তথ্য-ভান্ডার এবং তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (Management Information System) প্রতিষ্ঠা ও পরিচালনা;
 
 
(ঘ) উপানুষ্ঠানিক শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা ও অব্যাহত শিক্ষা প্রদানে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক উপানুষ্ঠাক শিক্ষার তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (Management Information System) এর জন্য যেইরূপ তথ্য যে পদ্ধতিতে চাহিবেন সেইরূপ তথ্য প্রদান;
 
 
(ঙ) বিভিন্ন পরিবেশের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের সহজ অংশগ্রহণের সুযোগ সম্বলিত উপানুষ্ঠানিক শিক্ষার যথাযথ বাস্তবায়ন পদ্ধতি প্রণয়ন;
 
 
(চ) উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা;
 
 
(ছ) উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনে বিষয়ভিত্তিক কমিটি ও উপ-কমিটি গঠন।
স্থানীয় সমন্বয়
১৩। (১) জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় সরকার স্বীয় অধিক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং সরকার নির্দেশিত সহযোগিতা প্রদান করিবে।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন সমন্বয় সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
সরকারি বেসরকারি অংশীদারিত্ব
১৪। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে সরকারি, বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান এবং সমাজের শিক্ষানুরাগী ব্যক্তিগণকে সম্পৃক্তকরণসহ বেসরকারি অংশীদারিত্বকে উৎসাহিত করা হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs