পরিচালনা বোর্ড
৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:-
(ক) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(গ) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(ঙ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;
(চ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান;
(ছ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান;
(জ) ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান;
(ঝ) বাংলাদেশ নৌ-বাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগের পরিচালক;
(ঞ) বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
(ট) ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক;
(ঠ) স্পারসো কর্তৃক মনোনীত একজন কর্মকর্তা;
(ড) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ঢ) জেলা প্রশাসক, কক্সবাজার;
(ণ) সরকার কর্তৃক মনোনীত সমুদ্র বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক;
(ত) সরকার কর্তৃক মনোনীত সমুদ্র বিজ্ঞান ও গবেষণা কাজে অবদান রহিয়াছে এবং এই বিষয়ে দীর্ঘদিন ধরিয়া কাজ করিয়াছেন এইরূপ ০২(দুই) জন ব্যক্তি; এবং
(থ) ইনস্টিটিউটের মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন সরকার কর্তৃক মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, সরকার, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে, যে কোন সময় কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোন সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে :
আরও শর্ত থাকে যে, কোন মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।