সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে―
(১) “জাতীয় যুব কাউন্সিল” অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত জাতীয় যুব কাউন্সিল;
(২) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক কিংবা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;
(৩) “নিবন্ধন সনদ” অর্থ নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
(৪) “নির্বাহী পরিষদ” অর্থ যুব সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাহী পরিষদ;
(৫) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৬) “যুব” অর্থ জাতীয় যুবনীতি অনুযায়ী যুব হিসাবে নির্ধারিত বয়সসীমার বাংলাদেশের যে কোনো নাগরিক;
(৭) “যুব কার্যক্রম” অর্থ যুব সংগঠন কর্তৃক পরিচালিত নিম্ন-বর্ণিত কার্যক্রম, যথা :-
(ক) যুবদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার উন্নয়ন এবং তাহাদের মধ্যে দেশের কল্যাণবোধ, প্রকৃতিপ্রেম ও মানবহিতৈষণা সৃষ্টিকরণ;
(খ) কর্মসংস্থানের লক্ষ্যে যুবদেরকে মঙ্গলকামী ও দক্ষ মানবসম্পদে পরিণতকরণ;
(গ) দেহ, মন ও নৈতিকতা বিধ্বংসী কর্মকাণ্ড এবং সকল প্রকার সামাজিক ব্যাধি হইতে যুবদের সুরক্ষা ও পুনর্বাসন;
(ঘ) দেশ, সমাজ, পরিবেশ ও মানবকল্যাণে স্বেচ্ছাধর্মী কার্যক্রম গ্রহণ; এবং
(ঙ) জীবনমানের আধুনিকায়নে যুবদের অংশগ্রহণে উৎসাহিতকরণ ও তাহাদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশসাধন;
(৮) “যুব সংগঠন” অর্থ যুব কার্যক্রম পরিচালনা করিবার উদ্দেশ্যে যুবদের দ্বারা প্রতিষ্ঠিত এমন সংগঠন যাহা অলাভজনক ও অরাজনৈতিক; এবং
(৯) “সদস্য” অর্থ যুব সংগঠনের সাধারণ সদস্য।