সংজ্ঞা
২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই অাইনে,-
(ক) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ (২০১২ সনের ১৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ;
(খ) ‘‘কমিশন’’ অর্থ Bangladesh Atomic Energy Commission Order, 1973 (President's Order No. 15 of 1973) এর অধীন গঠিত Bangladesh Atomic Energy Commission;
(গ) ‘‘কোম্পানী’’ অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত এবং নিগমিত ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড’;
(ঘ) ‘‘কমিশনিং (commissioning)’’ অর্থ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে নির্মাণকার্য সমাপনান্তে কোন নিউক্লিয়ার বা বিকিরণ স্থাপনার ব্যবস্থাদি ও অংশসমূহ এবং কর্মকাণ্ডসমূহ সচল করা এবং সেইগুলি নকশা এবং প্রার্থিত কার্যসম্পাদন মাপকাঠি অনুযায়ী হইয়াছে কিনা তাহা যাচাইকরণ;
(ঙ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(চ) ‘‘চুক্তি’’ অর্থ তফসিল ১ ও ২ এ উল্লিখিত চুক্তি এবং ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পারমাণবিক প্রযুক্তি সরবরাহকারী দেশ বা সংস্থার সহিত সম্পাদিতব্য সহযোগিতা চুক্তি;
(ছ) ‘‘ডিকমিশনিং (decommissioning)’’ অর্থ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে কোন নিউক্লিয়ার বা বিকিরণ স্থাপনা পরিচালনা কার্যক্রম এইরূপ পদ্ধতিতে চূড়ান্তভাবে বন্ধ বা অপসারণ করা হয় যাহাতে প্ল্যান্টের জনবল, পরিবেশ, জনস্বাস্থ্য ও জননিরাপত্তার পর্যাপ্ত সুরক্ষা হয়;
(জ) ‘‘পরিচালক’’ অর্থ কোম্পানীর কোন পরিচালক;
(ঝ) ‘‘প্রকল্প’’ অর্থ প্রকল্পের সকল পর্যায়সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনা সংক্রান্ত অন্য কোন প্রকল্প;
(ঞ) ‘‘বোর্ড’’ অর্থ কোম্পানীর পরিচালনা বোর্ড;
(ট) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক; এবং
(ঠ) ‘‘সংস্থা’’ অর্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা International Atomic Energy Agency (IAEA) ।
(২) উপ-ধারা (১) এর অধীন সংজ্ঞায়িত হয় নাই এইরূপ কোন অভিব্যক্তি এই অধ্যাদেশে ব্যবহৃত হইয়া থাকিলে উহা ‘‘
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ (২০১২ সনের ১৯ নং আইন)’’ এ সংজ্ঞায়িত অভিব্যক্তির আলোকে সংজ্ঞায়িত হইয়াছে বলিয়া গণ্য হইবে।