হিসাব ও নিরীক্ষা
১৩। (১) সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে ব্যুরো অর্থ ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।
(২) সরকার, প্রশাসনিক ব্যয়ের জন্য একটি এবং রপ্তানি বাজার উন্নয়ন ব্যয়ের জন্য আরেকটি, পৃথক হিসাব সংরক্ষণের জন্য ব্যুরোকে নির্দেশ প্রদান করিতে পারিবে।
(৩) সরকারের পূর্বানুমোদনক্রমে, পরিচালনা পর্ষদ কর্তৃক ইহার বিবেচনায় যেরূপ নির্ধারিত হইবে সেইরূপ পারিশ্রমিকে The Bangladesh Chartered Accounts Orders, 1973 (P.O 2 of 1973) এর অধীন নিয়োগপ্রাপ্ত কোন নিবন্ধিত চার্টাড একাউনটেন্টস প্রতিষ্ঠান কর্তৃক ব্যুরোর হিসাব নিরীক্ষা করাইতে হইবে এবং এতদসংক্রান্ত পারিশ্রমিক ব্যুরো কর্তৃক পরিশোধিত হইবে।
(৪) চার্টাড একাউনটেন্টস ব্যুরোর সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং ব্যুরোর যে কোন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।
(৫) চার্টার্ড একাউনটেন্টস প্রতিষ্ঠান বার্ষিক হিসাবের উপর সরকারকে রিপোর্ট প্রদান করিবে, এবং রিপোর্টে, প্রতিষ্ঠানটি তাহার মতে, ব্যুরোর কার্যক্রম সত্য এবং সঠিকভাবে পরিচালনার জন্য হিসাবে সকল প্রয়োজনীয় উপাদান আছে কিনা এবং সঠিকভাবে সংরক্ষণ করা হইয়াছে কিনা সে বিষয়ে মতামত প্রদান করিবে, এবং পর্ষদের নিকট কোন তথ্য বা ব্যাখ্যা চাওয়া হইয়া থাকিলে উহা প্রদান করা হইয়াছে কিনা এবং হইয়া থাকিলে উহা সন্তোষজনক কিনা তাহাও উল্লেখ করিতে হইবে।
(৬) এই ধারার অন্যান্য বিধানাবলীর কার্যক্রমকে ক্ষুণ্ন না করিয়া সরকার যেরূপ মনে করিবে সেইরূপ কোন কর্মকর্তা বা সংস্থা দ্বারা ব্যুরোর হিসাব নিরীক্ষা করাইতে পারিবে।