একাডেমিক কাউন্সিল
২২। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা :-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
(গ) অনুষদসমূহের ডিন;
(ঘ) সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান;
(ঙ) ইনস্টিটিউট, কেন্দ্র ও বিজনেস ইনকিউবেটরের পরিচালক;
(চ) প্রক্টর;
(ছ) পরিচালক (শিক্ষার্থী কল্যাণ);
(জ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ);
(ঝ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক;
(ঞ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
(ট) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি);
(ঠ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১(এক) জন শিক্ষাবিদ;
(ড) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ১(এক) জন প্রথিতযশা অধ্যাপক;
(ঢ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা, উচ্চতর শিক্ষাকেন্দ্রে কর্মরত ২(দুই) জন বিশিষ্ট ব্যক্তি বা শিক্ষাবিদ;
(ণ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঠ্য বিষয়ের সাথে সম্পর্কিত শিল্প উদ্যোক্তাদের মধ্য হইতে ২ (দুই) জন প্রতিনিধি;
(ত) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন।
(২) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোন সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
(৩) একাডেমিক কাউন্সিলের কোন মনোনীত সদস্য তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও অধিষ্ঠিত থাকিতে পারিবেন না।