অনুষদ
২৪।(১) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত বিষয়সমূহের সমন্বয়ে এক বা একাধিক অনুষদ গঠিত হইবে।
(২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্দিষ্ট বিষয়ে শিক্ষা কার্যক্রম ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে।
(৩) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৪) প্রত্যেক অনুষদের ১ (এক) জন করিয়া ডিন থাকিবেন এবং তিনি ভাইস-চ্যান্সেলরের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধান সাপেক্ষে, অনুষদ সম্পর্কিত সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধান যথাযথভাবে পালনের জন্য দায়ী থাকিবেন।
(৫) অনুষদের অধ্যাপকগণের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অনুষদের ডিন পদ আবর্তিত হইবে এবং তিনি ২ (দুই) বৎসরের মেয়াদের জন্য সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন।
(৬) যদি কোন অনুষদে অধ্যাপক না থাকেন তাহা হইলে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহযোগী অধ্যাপকদের মধ্য হইতে পালাক্রমে ১ (এক) জন সহযোগী অধ্যাপক সিন্ডিকেট কর্তৃক ডিন নিযুক্ত হইবেন :
তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক একটি অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় উক্ত অনুষদে কোন অধ্যাপক যোগদান করিলে তাহাকে (যোগদানকারী অধ্যাপক) সিন্ডেকেট কর্তৃক উক্ত অনুষদের ডিন নিযুক্ত করা হইবে।