লাইসেন্স প্রদান
৫। (১) পাট ও পাটজাত পণ্যের ব্যবসা পরিচালনার জন্য, এই ধারার বিধানাবলি সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, লাইসেন্স গ্রহণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, কোন পাট চাষি কর্তৃক তাহার নিজ উৎপাদিত পাট বিক্রয় করিবার ক্ষেত্রে কোন লাইসেন্স গ্রহণের প্রয়োজন হইবে না। তবে তিনি সরাসরি রপ্তানি করিতে চাহিলে সেই ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ করিতে হইবে।
(২) সকল ব্যবসায়ী এবং প্রেস মালিককে পাট ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করিতে হইবে।
(৩) এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্সে প্রয়োজনীয় শর্তের উল্লেখ থাকিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত শর্তানুযায়ী পাট ব্যবসা পরিচালনা করিতে হইবে।
(৫) এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স হস্তান্তরযোগ্য হইবে না।
(৬) এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্সের মেয়াদ সংশ্লিষ্ট আর্থিক বৎসরের শেষাবধি বলবৎ থাকিবে এবং বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে বৎসর ভিত্তিক নবায়ন করিতে হইবে।
(৭) লাইসেন্স গ্রহণ বা নবায়নের জন্য আদেশ দ্বারা নির্ধারিত ফি জমা প্রদান করিতে হইবে।
(৮) এই ধারার অধীন প্রদত্ত বা নবায়নকৃত লাইসেন্স নিম্নবর্ণিত কারণে স্থগিত বা বাতিল করা যাইবে, যথা :-
(ক) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার কোন বিধান লংঘন করা হইলে;
(খ) যেই শর্তাধীন লাইসেন্স প্রদান করা হইয়াছে, উহা লংঘন করা হইলে;
(গ) যেই ব্যবসার জন্য লাইসেন্স প্রদান করা হইয়াছে, সেই ব্যবসা পরিচালনা করা না হইলে বা সেই ব্যবসার স্বার্থ বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর করা হইলে;
(ঘ) অভ্যন্তরীণ ব্যবসা, রপ্তানি বা বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ সংক্রান্ত কোন আইন লংঘন করা বা পালনে ব্যর্থ হইলে;
(ঙ) প্রতারণার মাধ্যমে কোন লাইসেন্স গ্রহণ করা হইলে বা গ্রহণের চেষ্টা করা হইলে;
(চ) আদেশ দ্বারা নির্ধারিত ফি জমা প্রদানে ব্যর্থ হইলে;
(ছ) ব্যবসা, বাণিজ্য বা শিল্প সংক্রান্ত এমন কোন কার্য করা হইলে যাহা সরকারের মতে জনস্বার্থের পরিপন্থি; বা
(জ) গুণগতমান, মূল্য, চার্জ বা কমিশন সংক্রান্ত এই আইনের অধীন জারীকৃত কোন আদেশ লংঘন করা হইলে।
(৯) লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিলের কারণে কোন লোকসান বা ক্ষয়-ক্ষতির জন্য লাইসেন্সধারী কোন ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকারী হইবেন না।