ইনস্টিটিউটের কার্যাবলি
৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-
(ক) পাট ও সমশ্রেণির আঁশ ফসলের কৃষি, কারিগরি ও অর্থনৈতিক গবেষণা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পরিচালনা এবং আঁশজাত ফসল উৎপাদন এবং গবেষণার ফলাফল সম্প্রসারণ;
(খ) উন্নতমানের কৌলিকতাত্ত্বিক বিশুদ্ধতা বজায় রাখিয়া পাট বীজ উৎপাদন, পরীক্ষণ, সরবরাহ, পরিচালন এবং সীমিত আকারে উন্নতমানের পাট বীজ উৎপাদন ও সংগ্রহ এবং বোর্ড কর্তৃক নির্বাচিত চাষী, স্বীকৃত প্রতিষ্ঠান এবং অনুমোদিত এজেন্সির নিকট বিতরণ;
(গ) পাট ও সমশ্রেণির আঁশ ফসল, পাটজাত পণ্য ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাইলট প্রকল্প বাস্তবায়ন;
(ঘ) পাটের সম্প্রসারণের লক্ষ্যে ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নূতন জাতের পাট প্রদর্শন (demonstration) এবং উক্ত জাতের পাট চাষাবাদের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;
(ঙ) প্রবন্ধ (monograph), বুলেটিন এবং পাট গবেষণা সম্পর্কিত অন্যান্য প্রকাশনা প্রকাশ ও প্রচার;
(চ) পাট ও সমশ্রেণির আঁশ ফসল চাষের উন্নত পদ্ধতি সম্পর্কে ইনস্টিটিউটের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানসহ পাট সংক্রান্ত কারিগরি গবেষণার ফলাফল ও উহার ব্যবহার সম্পর্কে পাট ও পাটপণ্য উৎপাদন সংশ্লিষ্ট সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান;
(ছ) জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনসমূহের সহযোগিতায় গবেষণা কর্মসূচি গ্রহণ;
(জ) সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন; এবং
(ঝ) প্রয়োজনীয় অন্য যে কোন কার্য সম্পাদন।