প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীজ আইন, ২০১৮

( ২০১৮ সনের ৬ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে-
 
(১) ‘‘অধ্যাদেশ’’ অর্থ Seeds Ordinance, 1977 (Ordinance No. XXXIII of 1977);
 
(২) ‘‘কৃষি’’ অর্থ খাদ্য ও আঁশ জাতীয় ফসল উৎপাদন, এবং উদ্যান ফসল (Horticul-ture) উৎপাদনও ইহার অন্তর্ভূক্ত হইবে;
 
(৩) ‘‘জাত’’ অর্থ বৃদ্ধি, ফলন, চারা, ফল, বীজ বা অন্যান্য চরিত্রগত বৈশিষ্ট্যে স্বতন্ত্র একটি শ্রেণির কোনো উপ-বিভাগ;
 
(৪) ‘‘ধারক’’ অর্থ থলে, পিপা, বোতল, বাক্স, খাঁচা, প্যাকেট, বস্তা, টিন, পাত্র, আধার, মোড়ক ঝুড়ি, কলসি, কোলা, টুকরি, পাতি বা অন্য কোনো আধার বা পাত্র যাহার মধ্যে কোনো কিছু রাখা বা মোড়কীকরণ করা যায়;
 
(৫) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
 
(৬) ‘‘নিবন্ধন সনদ’’ অর্থ ধারা ৮ অনুসারে বোর্ড কর্তৃক প্রদত্ত কোন নিবন্ধন সনদ;
 
(৭) ‘‘নিয়ন্ত্রিত ফসল বা জাত’’ অর্থ ধারা ৭ এর উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত কোনো ফসল বা জাত;
 
(৮) ‘‘ফসল’’ অর্থ এক বা একাধিক সংশ্লিষ্ট প্রজাতি বা উপ-প্রজাতি যাহা প্রত্যেকটি এককভাবে বা সমষ্টিগতভাবে একটি সাধারণ নামে পরিচিত, যেমন, ধান, গম, আলু, ভুট্টা ইত্যাদি;
 
(৯) ‘‘ব্যক্তি’’ অর্থে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, কোম্পানি, সমিতি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে;
 
(১০) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৩ এর অধীন গঠিত জাতীয় বীজ বোর্ড;
 
(১১) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
(১২) ‘‘বীজ’’ অর্থ মাদকদ্রব্য অথবা চেতনানাশক হিসাবে ব্যবহার ব্যতীত, পুনঃউৎপাদন এবং চারা তৈরিতে সক্ষম নিম্নবর্ণিত যে কোনো জীবিত ভ্রুণ বা বংশ বিস্তারের একক (প্রপাগিউল), যেমন-
 
(ক) খাদ্য-শস্য, ডাল ও তৈল বীজ, ফলমূল এবং শাক-সবজির বীজ;
 
(খ) আঁশ জাতীয় ফসলের বীজ;
 
(গ) পুষ্পদায়ক ও শোভাবর্ধক উদ্ভিদের বীজ;
 
(ঘ) পত্রযুক্ত (বিচালি) পশুখাদ্যের বীজসহ চারা, কন্দাল, বাল্ব (Bulb), রাইজোম, মূল ও কান্ডের কাটিংসহ সকল ধরনের কলম এবং অন্যান অঙ্গজ বংশ বিস্তারের একক;
 
(১৩) ‘‘বীজ ডিলার’’ অর্থ কৃষিকাজে ব্যবহারের উদ্দেশ্যে কোনো ফসল বা জাতের বীজ ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন অথবা বিক্রয়, সংরক্ষণ, আমদানি, রপ্তানি, বিনিময় বা অন্য কোনোভাবে সরবরাহের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি, কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা নিজে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে স্থানীয় হাট-বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন বা মজুদকারী কোনো কৃষক ইহার অন্তর্ভুক্ত হইবেন না;
 
(১৪) ‘‘বীজ পরিদর্শক’’ অর্থ ধারা ১৮ এর অধীন দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি;
 
(১৫) ‘‘বীজ পরীক্ষাগার’’ অর্থ ধারা ১২ এর অধীন প্রতিষ্ঠিত বা, ক্ষেত্রমত, ঘোষিত কোন সরকারি বীজ পরীক্ষাগার;
 
(১৬) ‘‘বীজ প্রত্যয়ন এজেন্সি’’ অর্থ ধারা ১৩ এর অধীন প্রতিষ্ঠিত বীজ প্রত্যয়ন এজেন্সি;
 
(১৭) ‘‘বীজ বিশ্লেষক’’ অর্থ ধারা ২১ এর অধীন দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি; এবং
 
(১৮) ‘‘সচিব’’ অর্থ বোর্ডের সচিব।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs