আইনের প্রাধান্য
৩। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, কোনো দেশি ও বিদেশি বিনিয়োগ, প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়ন ও পরিচালনার ক্ষেত্রে এই আইনের অধীন ওয়ান স্টপ সার্ভিস সম্পর্কিত বিধানাবলি নিম্নবর্ণিত অবস্থাধীনেও কার্যকর থাকিবে, যথাঃ-
(ক) অন্য কোনো আইনের অধীন সেবা প্রদানের ক্ষেত্রে;
(খ) সুবিধা ও প্রণোদনা প্রদানের ক্ষেত্রে;
(গ) কোনো কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদানের ক্ষেত্রে;
(ঘ) দফা (ক) হইতে (গ) এ উল্লিখিত হয় নাই সরকার কর্তৃক নির্ধারিত এইরূপ কোনো ক্ষেত্রে।
(২) এই আইনের অধীন কোনো সেবা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদানের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের বিধান যদি এই আইনের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে সেই আইন বা আইনের বিধান যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি অকার্যকর বলিয়া গণ্য হইবে।