প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮

( ২০১৮ সনের ১০ নং আইন )

কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ, ইত্যাদি
৪। (১) তপশিল-ক এ উল্লিখিত যে কোনো সংস্থা যে আইন বা আইনগত দলিল দ্বারা প্রতিষ্ঠিত উহার কার্যপরিধিভুক্ত যে কোন প্রকল্প বা উদ্যোগ বাস্তবায়নের জন্য কোনো উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের জন্য কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ বলিয়া গণ্য হইবে।
 
(২) কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের ফোকাল পয়েন্ট সমন্বয়ে, নির্ধারিত পদ্ধতিতে, গঠিত হইবে।
 
(৩) তপশিল-ক এ উল্লিখিত সংস্থার প্রধান নির্বাহী কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষেরও প্রধান নির্বাহী হিসাবে গণ্য হইবেন।
 
(৪) কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতি ও সময়সীমা অনুসরণে সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের নির্দিষ্টকৃত ফি আদায় সাপেক্ষে, ও সময়সীমা অনুযায়ী সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামেই অভিহিত হউক না কেন, প্রদান নিশ্চিত করিবে।
 
(৫) সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট বা ছাড়পত্র প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষ কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে নিজ সংস্থার উপযুক্ত কর্মচারীকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করিবে, যিনি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষের সদস্য হিসেবে গণ্য হইবেন এবং তিনি নিজ সংস্থা বা কর্তৃপক্ষের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কার্য সম্পাদন করিবার অধিকারী হইবেন :
 
তবে শর্ত থাকে যে, উক্তরূপ ক্ষমতাপ্রাপ্ত ফোকাল পয়েন্ট কোনো বিশেষ কারণে কোনো কার্য সম্পাদন করিতে সক্ষম না হইলে তাৎক্ষণিকভাবে তাহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থাকে অবহিত করিবে এবং সেইক্ষেত্রে উক্ত কর্তৃপক্ষ বা সংস্থা দ্রুততম সময়ের মধ্যে চাহিত সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, পারমিট, ছাড়পত্র, উহা যে নামে অভিহিত হউক না কেন, প্রদান করিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs