রহিতকরণ ও হেফাজত
২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Establishment of the National Youth Centre শীর্ষক প্রকল্প দ্বারা প্রতিষ্ঠিত শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, অতঃপর উক্ত কেন্দ্র বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত হওয়া সত্ত্বেও, উক্ত কেন্দ্র কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোন ব্যবস্থা, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রদত্ত সার্টিফিকেট ইনস্টিটিউট কর্তৃক কৃত, গৃহীত, ইস্যুকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন উক্ত কেন্দ্র বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে উক্ত কেন্দ্র এর-
(ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও জামানত, সকল দাবি, হিসাব বহি রেজিস্টার, রেকর্ড এবং অন্যান্য দলিল ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে;
(খ) সকল ঋণ, দায়-দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি, যথাক্রমে ইনস্টিটিউটের ঋণ, দায়-দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(গ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা ইনস্টিটিউটের বিরুদ্ধে বা ইনস্টিটিউট কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে;
(ঘ) সকল কর্মকর্তা ও কর্মচারী এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে যে শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই একই শর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী হিসেবে গণ্য হইবেন এবং সরকার কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাহারা প্রেষণে ইনস্টিটিউটে কর্মরত থাকিবেন।