নিবন্ধন নম্বরের অননুমোদিত ব্যবহার, বালাইনাশকের মান কমানো, পরিদর্শককে কর্তব্য পালনে বাধা প্রদান এবং নিবন্ধনের সময় মিথ্যা তথ্য প্রদানের দণ্ড
৩১। (১) কোন ব্যক্তি যদি-
(ক) এই আইনের অধীন প্রদত্ত কোনো নিবন্ধন নম্বর অননুমোদিতভাবে অন্য কোনো বালাইনাশকের ব্রান্ডে ব্যবহার করেন; অথবা
(খ) উৎপাদনকারী, আমদানিকারক বা বিক্রেতা কর্তৃক বালাইনাশক বাজারজাত করিবার পূর্বে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো পদার্থ মিশাইয়া উক্ত বালাইনাশকের উপাদানের পরিবর্তন করেন; অথবা
(গ) পরিদর্শককে তাহার কাজে অসহযোগিতা, ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান, প্রতিরোধ অথবা অন্য কোনোভাবে বিরোধিতা করেন; অথবা
(ঘ) নিবন্ধনের সময় মিথ্যা তথ্য প্রদান করেন;
তাহা হইলে তাহার উক্ত কাজ হইবে একটি অপরাধ।
(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ সংঘটন করিলে তজ্জন্য তিনি অন্যূন ৭৫(পঁচাত্তর) হাজার টাকা এবং অনধিক ১(এক) লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা অন্যূন ১(এক) বৎসর এবং অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইবেন।
ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে নিবন্ধন নম্বর অর্থ কোনো নিবন্ধনকৃত বালাইনাশকের অনুকূলে নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট একটি সংখ্যা।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs