প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কৃষি বিপণন আইন, ২০১৮

( ২০১৮ সনের ৪৪ নং আইন )

পঞ্চম অধ্যায়

অপরাধ ও দণ্ড

অপরাধ ও দণ্ড
১৯। (১) কোনো ব্যক্তি-
 
(ক) ধারা ৫, ৬ ও ৭ এর অধীন লাইসেন্স গ্রহণ ব্যতিত কার্য পরিচালনা করিলে;
 
(খ) লাইসেন্স হস্তান্তর করিলে;
 
(গ) ধারা ১৬ এ নির্ধারিত মার্কেট চার্জ বা ভাড়ার অতিরিক্ত আদায় করিলে;
 
(ঘ) কৃষি বিপণন অধিদপ্তর বা উহার কোনো কর্মচারীকে এই আইনের অধীন কার্য সম্পাদনে বাধা প্রদান করিলে বা চাহিত তথ্য প্রদান না করিলে;
 
(ঙ) তাহার মালিকানাধীন কৃষি উপকরণ ও কৃষিপণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য প্রকাশ্য স্থানে বা পণ্যের মোড়কে বা দৃষ্টিগোচর হয় এমনভাবে প্রদর্শন না করিলে;
 
(চ) কৃষিপণ্যের মোড়কে পণ্যের পুষ্টিমান ও উপাদানের শতকরা হার, উৎপাদন ও মেয়াদ-উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করিলে বা মেয়াদণ্ডউত্তীর্ণের পর উহা বিক্রয় করিলে বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করিলে;
 
(ছ) জনস্বাস্থ্যোর জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক বা অন্য কোনো দ্রব্য কৃষিপণ্যে ব্যবহার করিলে;
 
(জ) কৃষিপণ্য ও কৃষি উপকরণ বিক্রয়কালে ওজনে কম প্রদান করিলে;
 
(ঝ) ধারা ১২ এর বিধান লঙ্ঘন করিলে;
 
(ঞ) ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করিলে;
 
(ট) সরকার কর্তৃক ইজারাকৃত বা অনুমোদিত হাট বাজারে কৃষিপণ্য পাইকারি বা খুচরা হিসাবে ক্রয় বিক্রয়ে বাধা প্রদান করিলে;
 
(ঠ) কৃষি উপকরণ ও কৃষিপণ্যের সরবরাহে বাধা সৃষ্টি অথবা যে কোনোভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করিলে বা বাজারে চাহিদা থাকা সত্ত্বেও তাহার গুদাম বা হিমাগার হইতে খুচরা বিক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করিতে অস্বীকার করিলে;
 
(ড) কৃষিপণ্য, কৃষি উপকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করিলে বা সরকার কর্তৃক নির্ধারিত হারের অধিক মুনাফা গ্রহণ করিলে;
 
উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।
 
(২) কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হইবার পর পুনরায় একই অপরাধ সংঘটন করিলে তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs