প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৮

( ২০১৮ সনের ৫৫ নং আইন )

ইনস্টিটিউটের কার্যাবলি
৬। ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
 
(ক) ইমারতের নকশা প্রণয়ন ও নির্মাণ, নির্মাণ উপকরণ-শিল্প এবং মানব বসতির সহিত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার উপর কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা;
 
(খ) দেশজ নির্মাণ উপকরণের প্রাপ্যতা, উন্নয়ন ও ব্যবহার এবং পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের উন্নয়নে গবেষণা পরিচালনা;
 
(গ) ক্রমিক (খ) এ উল্লিখিত নির্মাণ সামগ্রী ও উপকরণ প্রস্তুতে প্রণোদনা প্রদান ও ব্যবহারে উৎসাহিতকরণ এবং এই সকল বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সুপারিশকরণ;
 
(ঘ) ইমারত নির্মাণের ক্ষেত্রে মাননিয়ন্ত্রণ কৌশল (quality control measures) এর সক্ষমতা বৃদ্ধি ও উহা অনুসরণে উৎসাহ প্রদান;
 
(ঙ) গৃহায়ন খাতে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগসহনীয় এবং পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তি, স্বল্পখরচে ইমারত নির্মাণের পরিকল্পনা ও ডিজাইন এবং ইমারত রক্ষণাবেক্ষণের আধুনিক কৌশল উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা ও অন্যান্য উদ্যোগ গ্রহণ;
 
(চ) ইমারত নির্মাণে সাশ্রয়ী ও টেকসই নূতন উপকরণ ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
 
(ছ) গৃহায়ণ ও ইমারত সম্পর্কিত গবেষণা কর্মকাণ্ডে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ স্থাপন এবং ইনস্টিটিউটের কর্মকাণ্ডের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি অর্জনের জন্য যৌথ সমীক্ষা পরিচালনা ও গবেষণা কার্যক্রম গ্রহণ;
 
(জ) বিকল্প নির্মাণ সামগ্রী ও নির্মাণ প্রযুক্তি বিষয়ক নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও অন্যান্য নির্মাণ সংক্রান্ত কোড, নীতিমালা, ইত্যাদি প্রণয়ন ও হালনাগাদকরণ;
 
(ঝ) ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম মূল্যায়ন এবং গবেষণালব্ধ ফলাফল প্রয়োগের উদ্যোগ গ্রহণ;
 
(ঞ) গৃহায়ন ও ইমারত নির্মাণের ক্ষেত্রে, সরকারের পূর্বানুমোদনক্রমে, গবেষণা এবং কারিগরি ও বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রমকে উৎসাহিত করিবার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রবর্তন;
 
(ট) গৃহায়ন ও ইমারত নির্মাণ প্রযুক্তি সম্পর্কে কারিগরি পরামর্শ প্রদান ও গ্রহণের জন্য যে কোনো দেশি, বিদেশি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত, সরকারের পূর্বানুমোদনক্রমে, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি সম্পাদন;
 
(ঠ) গৃহায়ন ও ইমারত নির্মাণের ক্ষেত্রে গবেষণা কর্মকাণ্ড পরিচালনার জন্য গবেষক ও টেকনিশিয়ানগণকে (research and technical personnel) প্রশিক্ষণ প্রদান এবং ইমারত নির্মাণ সংক্রান্ত গবেষণালব্ধ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন;
 
(ড) গৃহায়ন ও নির্মাণ গবেষণায় অগ্রসর রাষ্ট্র এবং অগ্রণী প্রতিষ্ঠানসমূহের সহিত, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রশিক্ষণ এবং প্রশিক্ষক সহায়তা প্রদান সম্পর্কিত চুক্তি সম্পাদনসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ;
 
(ঢ) গৃহায়ন ও ইমারত নির্মাণ শিল্পের বিভিন্ন বিষয় ও সমস্যা সম্পর্কিত পরামর্শ সেবা প্রদান;
 
(ণ) গৃহায়ন ও ইমারত নির্মাণ শিল্পের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা সম্পর্কিত সর্বশেষ তথ্য প্রকাশ, প্রচার ও সংরক্ষণ;
 
(ত) ইনস্টিটিউটের কার্যক্রমের উপর নিয়মিতভাবে গবেষণা প্রতিবেদন, জার্নাল, কারিগরি প্রতিবেদন এবং সম্পাদিত অন্যান্য কার্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ; এবং
 
(থ) উপরি-উক্ত কার্যাবলির সহিত সম্পর্কিত প্রয়োজনীয় আনুষঙ্গিক বা সহায়ক অন্য যে কোনো কার্য সম্পাদন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs