সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(১) “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (Technical and Vocational Education and Training)” অর্থ তপশিল ১ এ উল্লিখিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ;
(২) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(৩) “জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো (National Technical and Vocational Qualification Framework)” অর্থ তপশিল ২ এ উল্লিখিত জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো;
(৪) “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ” অর্থ
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৫ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ;
(৫) “তহবিল” অর্থ ধারা ১৭ এর অধীন গঠিত তহবিল;
(৬) “তপশিল” অর্থ এই আইনের কোনো তপশিল;
(৭) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বোর্ডের পরিচালনা পর্ষদ;
(৮) “পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (Recognition of Prior Learning)” অর্থ প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিকভাবে অর্জিত কোনো শিক্ষা, দক্ষতা বা জ্ঞানের পূর্ববর্তী শিখন স্বীকৃতি;
(৯) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(১০) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(১১) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড;
(১২) “সচিব” অর্থ বোর্ডের সচিব; এবং
(১৩) “সক্ষমতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (Competency Based Training and Assessment)” অর্থ জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো অর্জনের জন্য গৃহীত প্রশিক্ষণ ও মূল্যায়ন।