রহিতকরণ ও হেফাজত
২৯। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে
Technical Education Act, 1967 (Act No. 1 of 1967), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও-
(ক) এই আইনের অধীন পরিচালনা পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Act এর অধীন গঠিত Board, অতঃপর উক্ত Board বলিয়া উল্লিখিত, এই আইনের অধীন গঠিত পরিচালনা পর্ষদ বলিয়া গণ্য হইবে;
(খ) উক্ত Act এর অধীন কৃত কোনো কাজ, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, প্রদত্ত কোনো স্বীকৃতি বা সার্টিফিকেট, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা নোটিশ, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, প্রণীত, প্রদত্ত, ইস্যুকৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৩) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত Act এর অধীন প্রতিষ্ঠিত Board এর-
(ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংকে গচ্ছিত অর্থ ও তহবিল, অর্থের বিনিয়োগ, অন্য সকল দাবি বা অধিকার, প্রাপ্ত সুবিধাদি, এইরূপ বিষয় সম্পত্তির অন্তর্ভুক্ত বা উহা হইতে উদ্ভূত যাবতীয় অধিকার, মেধাস্বত্ব ও স্বার্থ এবং সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং এতদ্সংক্রান্ত অন্য সকল দলিল-দস্তাবেজ বোর্ডের উপর ন্যস্ত ও স্থানান্তরিত হইবে;
(খ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত চুক্তি, বোর্ডের ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(গ) সকল কর্মচারী বোর্ডের কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তাধীনে চাকরিতে নিয়োজিত ছিলেন, এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে নিয়োজিত থাকিবেন;
(ঘ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত কোনো মামলা বা আইনগত কার্যধারা বোর্ডের বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে।