প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস আইন, ২০১৮

( ২০১৮ সনের ৭০ নং আইন )

সংজ্ঞা
২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
 
(ক) ‘আর্থিক বৎসর’ অর্থ জুলাই মাসের প্রথম দিবসে যে বৎসরের আরম্ভ;
 
(খ) ‘অ্যাসোসিয়েট’ অর্থ ইনস্টিটিউটের একজন অ্যাসোসিয়েট সদস্য;
 
(গ) ‘ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন গঠিত ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ;
 
(ঘ) ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কোনো কর্মচারী;
 
(ঙ) ‘কস্ট অডিটর’ অর্থ এইরূপ একজন সদস্য যিনি পেশায় নিয়োজিত একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট;
 
(চ) ‘কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট’ অর্থ এইরূপ ব্যক্তি যিনি ইনস্টিটিউটের একজন অ্যাসোসিয়েট অথবা ফেলো সদস্য;
 
(ছ) ‘কাউন্সিল’ অর্থ ধারা ৫ এ উল্লিখিত ইনস্টিটিউটের কাউন্সিল;
 
(জ) ‘কাউন্সিল সদস্য’ অর্থ ইনস্টিটিউটের কাউন্সিলের একজন সদস্য;
 
(ঝ) ‘নির্ধারিত’ অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত;
 
(ঞ) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
(ট) ‘প্রেসিডেন্ট’ অর্থ কাউন্সিলের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী ব্যক্তিও উহার অন্তর্ভুক্ত হইবেন;
 
(ঠ) ‘ব্রাঞ্চ কাউন্সিল’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত ব্রাঞ্চ কাউন্সিল;
 
(ড) ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’ অর্থ ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ (২০১৫ সনের ১৬ নং আইন) এর ধারা ৩ এর অধীনে প্রতিষ্ঠিত ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল;
 
(ঢ) ‘ফেলো’ অর্থ ইনস্টিটিউটের একজন ফেলো সদস্য;
 
(ণ) ‘বৎসর’ অর্থ একটি পঞ্জিকা বৎসর;
 
(ত) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
(থ) ‘ভাইস প্রেসিডেন্ট’ অর্থ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট;
 
(দ) ‘সদস্য’ অর্থ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট বা ফেলো; এবং
 
(ধ) ‘সদস্য-রেজিস্টার’ অর্থ সদস্যগণের নাম ও তথ্য সম্বলিত রেজিস্টার।
 
(২) ‘পেশায় নিয়োজিত সদস্য’ অর্থ এইরূপ সদস্য যিনি এই আইনের অধীন নির্ধারিত যোগ্যতা অর্জন করিয়া একক ব্যক্তিরূপে অথবা পেশায় নিয়োজিত ইনস্টিটিউটের এক বা একাধিক সদস্যের অংশগ্রহণে গঠিত কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট ফার্মের অংশীদাররূপে প্রাপ্ত বা প্রাপ্তব্য পারিশ্রমিকের বিনিময়ে-
 
(ক) নিজেকে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশায় নিয়োজিত করেন; বা
 
(খ) ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে, পরিকল্পনা ও কার্যসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়নে এবং প্রতিষ্ঠানের কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের সহিত সংশ্লিষ্ট আর্থিক প্রতিবেদন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত সংক্রান্ত সেবা প্রদানের প্রস্তাব বা উহা সম্পাদন করেন; বা
 
(গ) কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নথি ও প্রতিবেদন এবং অন্যান্য সম্পর্কযুক্ত বিবরণী প্রত্যয়নের লক্ষ্যে নিরীক্ষা বা নিশ্চয়তা সেবার সহিত জড়িত সেবাসমূহ সম্পাদনের প্রস্তাব বা সম্পাদন করেন; বা
 
(ঘ) পণ্য বা সেবার ব্যয় অথবা মূল্য নির্ধারণ অথবা কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২২০ এ উল্লিখিত কস্ট অ্যাকাউন্টস ও সংশ্লিষ্ট বিবরণীসমূহ প্রস্তুতকরণ, যাচাইকরণ, নিরীক্ষা অথবা প্রত্যয়নপত্র প্রদানের সহিত সংশ্লিষ্ট সেবাসমূহ সম্পাদনের প্রস্তাব বা উহা সম্পাদন করেন অথবা একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরূপে জনসাধারণের নিকট নিজেকে উপস্থাপন করেন; বা
 
(ঙ) কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রক্রিয়ার সহিত সম্পর্কিত নীতিমালা, বিস্তারিত বিষয়সমূহ, ব্যয় সংক্রান্ত ঘটনাসমূহ, উপাত্তসমূহ, এতদ্‌সম্পর্কিত বিষয়াদি নথিবদ্ধকরণ, উপস্থাপন অথবা প্রত্যয়নপত্র প্রদান সম্পর্কিত বিষয়ে বা তৎসম্পর্কে পেশাগত সেবা অথবা সহায়তা প্রদান করেন; বা
 
(চ) এইরূপ অন্যান্য সেবা প্রদান করেন যাহা সরকার একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের কার্যাবলি হিসাবে নির্ধারণ করে; বা
 
(ছ) এইরূপ অন্যান্য সেবা প্রদান করেন যাহা কাউন্সিলের অভিমত অনুযায়ী পেশায় নিয়োজিত রহিয়াছেন বা পেশায় নিয়োজিত হইবেন এইরূপ একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক প্রদান করা হয় অথবা প্রদান করা যাইতে পারে।
 
ব্যাখ্যা: এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘পেশায় নিয়োজিত সদস্য’’ অর্থে যে কোনো ব্যক্তির অধীনে সার্বক্ষণিক বেতনভুক্ত একজন অ্যাসোসিয়েট বা ফেলো সদস্য অন্তর্ভুক্ত হইবেন না।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs