প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৬। এই আইন এবং মঞ্জুরী কমিশন আদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:-
(ক) অ্যাভিয়েশন, অ্যাভিয়েশন সংক্রান্ত প্রকৌশল, অ্যাভিয়েশন ব্যবস্থাপনা ও যুদ্ধ কৌশল, নিরাপত্তা, ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা;
(খ) বিজ্ঞান ও প্রযুক্তি, বিজনেস স্টাডিজ, অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন স্টাডিজ, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ও অন্যান্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা;
(গ) অঙ্গীভূত ও অধিভুক্ত ইনস্টিটিউট, একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম ব্যবস্থাপনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা;
(ঘ) বিভাগ এবং ইনস্টিটিউটে শিক্ষাদানের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা;
(ঙ) বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় সাধন করা;
(চ) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যক্রমে অধ্যয়ন সম্পূর্ণ করিয়াছেন এবং সংবিধির শর্তানুযায়ী গবেষণা কার্য সম্পূর্ণ করিয়াছেন এইরূপ ব্যক্তিদের পরীক্ষা গ্রহণ করা এবং ডিগ্রি ও অন্যান্য একাডেমিক সম্মান প্রদান করা;
(ছ) বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা;
(জ) সংবিধিতে বিধৃত পদ্ধতিতে সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মান প্রদান করা;
(ঝ) অনুষদ বা ইনস্টিটিউটের শিক্ষার্থী নহেন এইরূপ ব্যক্তিবর্গকে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্যে বক্তৃতামালা ও শিক্ষার ব্যবস্থা করা এবং সংবিধির শর্ত অনুযায়ী ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করা;
(ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে তৎকর্তৃক নির্ধারিত পন্থায় দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা ও যৌথ কর্মসূচি গ্রহণ করা;
(ট) চ্যান্সেলরের পূর্বানুমোদনক্রমে এবং মঞ্জুরী কমিশন ও সরকার কর্তৃক নির্ধারিত শর্ত ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও ইমেরিটাস অধ্যাপকের পদসহ শিক্ষক, গবেষক এবং কর্মচারীর পদ সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিগণকে সেই সকল পদে নিয়োগ প্রদান করা;
(ঠ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য হল স্থাপন করা এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের ব্যবস্হা করা;
(ড) মেধার স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সংবিধি, বিধি ও প্রবিধানের বিধান অনুযায়ী ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন ও বিতরণ করা;
(ঢ) শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য চ্যান্সেলরের পূর্বানুমোদন এবং মঞ্জুরী কমিশন হইতে বাজেট বরাদ্দ সাপেক্ষে, একাডেমিক জাদুঘর, গবেষণাগার, অনুষদ এবং ইনস্টিটিউট স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা;
(ণ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক শৃঙ্খলা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা এবং সহ-শিক্ষাক্রম কার্যাবলির উন্নয়নের ব্যবস্থা করা;
(ত) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বিভিন্ন বিষয়ে ফিস নির্ধারণ ও আদায় করা;
(থ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য মঞ্জুরী কমিশন ও সরকারের অনুমোদনক্রমে দেশি ও বিদেশি ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান চাঁদা ও বৃত্তি সাহায্য গ্রহণ করা;
(দ) বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের জন্য সরকারের অনুমোদনক্রমে চুক্তিতে আবদ্ধ হওয়া, চুক্তি বাস্তবায়ন করা, চুক্তির শর্ত পরিবর্তন বা চুক্তি বাতিল করা;
(ধ) শিক্ষা ও গবেষণার উন্নতি ও অগ্রগতির জন্য পুস্তক ও জার্নাল প্রকাশ করা;
(ন) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা;
(প) উচ্চশিক্ষা ও গবেষণার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্স ও অ্যাভিয়েশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা শিল্প কারখানার সহিত যৌথ সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা;
(ফ) শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাজ সম্পৃক্ততা কর্মসূচির মাধ্যমে সমাজের বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা;
(ব) উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশ্বমান পর্যায়ে উন্নীত করিবার লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সহিত কার্যকর ও ফলপ্রসূ যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা;
(ভ) উচ্চশিক্ষার গুণগতমান সুষমকরণ ও উন্নয়নকল্পে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, সুষম ছাত্র শিক্ষক আনুপাতিক হার সংরক্ষণ, সমৃদ্ধ গ্রন্থাগার ও পরীক্ষাগারের ব্যবস্থাকরণ, উপযুক্ত ভৌত অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও উপকরণের ব্যবস্থা করা;
(ম) আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়নের জন্য কার্যক্রম গ্রহণ করা;
(য) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক দক্ষতা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা;
(র) উচ্চশিক্ষা ও গবেষণার মান সুষমকরণ ও উন্নয়নের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, ইত্যাদি আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা;
(ল) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, জন্মস্থান অথবা শারীরিক প্রতিবন্ধকতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করিবার কার্যে সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র, মেধাবী এবং আর্থিক সাহায্য প্রার্থীদের বৃত্তি বা শিক্ষা সাহায্য প্রদানের উদ্দেশ্যে এক অথবা একাধিক ট্রাস্ট ফান্ড গঠন করা;
(শ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির সদস্যগণের সম্মানি নির্ধারণ ও সভা অনুষ্ঠানের জন্য সম্মানি প্রদান করা;
(ষ) বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষক, চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন শিক্ষকদের বেতন বা পারিশ্রমিক নির্ধারণ করা; এবং
(স) বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জন ও বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন করা।