প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৬। (১) রেজিস্ট্রারের নিয়োগ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য সংবিধির বিধান ও ভাইস-চ্যান্সেলর দ্বারা নির্ধারিত হইবে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ভাইস-চ্যান্সেলর, প্রয়োজনবোধে যে কোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে রেজিস্ট্রারকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
(৩) রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের আবাসিক কর্মচারী হইবেন, এবং তিনি-
(ক) সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিবের দায়িত্ব পালন করিবেন;
(খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ডপত্র, দলিলপত্র ও সাধারণ সিলমোহর রক্ষণাবেক্ষণ করিবেন;
(গ) সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন;
(ঘ) সকল প্রশাসনিক কার্যক্রম তত্ত্বাবধান করিবেন;
(ঙ) নিয়োগ এবং তদ্বিষয়ক বিজ্ঞপ্তির জন্য দায়ী থাকিবেন;
(চ) বাছাই কমিটি গঠন করা, বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সিন্ডিকেটের অনুমোদন গ্রহণ এবং যোগদানপত্র ইস্যু করিবার জন্য দায়ী থাকিবেন;
(ছ) শিক্ষক এবং কর্মচারীদের পদোন্নতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবেন;
(জ) শিক্ষক এবং কর্মচারীদের ব্যক্তিগত নথিপত্র রক্ষণাবেক্ষণ করিবেন;
(ঝ) বাৎসরিক গোপনীয় প্রতিবেদন ফর্ম সংগ্রহ, রক্ষণ এবং বিতরণ করিবেন;
(ঞ) হাজিরা নিবন্ধন বহি এবং গমনাগমন নিবন্ধন বহি রক্ষণাবেক্ষণ করিবেন;
(ট) শিক্ষক ও কর্মচারীদের জন্য সার্ভিস বুক এর প্রচলন করিবেন এবং এন্ট্রিসমূহ নথিভুক্ত, লিপিবদ্ধকরণ ও হালনাগাদ নিশ্চিত করিবেন;
(ঠ) স্টেশনারি ক্রয়ের নিয়মানুযায়ী দরপত্র প্রক্রিয়াকরণ নিশ্চিত করিবেন;
(ড) ভান্ডারের নিবন্ধন বহিতে প্রয়োজনীয় এন্ট্রি এবং বিতরণ নিশ্চিত করিবেন;
(ঢ) সংশ্লিষ্ট সকলের প্রাপ্য ছুটির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিবেন;
(ণ) বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে গতিশীলতা আনয়নের জন্য সমন্বয়কারী হিসাবে কার্য করিবেন;
(ত) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন;
(থ) বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বিধান করিবেন;
(দ) নিবন্ধন কার্ড, মাইগ্রেশন কার্ড, বদলি সনদ, ইত্যাদি প্রদান এবং সংশ্লিষ্ট সকল নথিপত্র রক্ষণাবেক্ষণ করিবেন;
(ধ) ভর্তি সংক্রান্ত নথিপত্র রক্ষণাবেক্ষণ করিবেন;
(ন) মেকানিক্যাল ট্রান্সপোর্ট সেকশনের নির্বিঘ্ন কার্যকারিতা নিশ্চিত করিবেন;
(প) সংবিধি এবং বিশ্ববিদ্যালয় বিধির দ্বারা নির্ধারিত, সময় সময়, অর্পিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন;
(ফ) ডিনের সহিত তাহার পরিকল্পনা, কার্যক্রম অথবা শিডিউল সম্পর্কে সংযোগ রক্ষা করিবেন;
(ব) বিশ্ববিদ্যালয়ের পক্ষে উহার সকল অফিস সংক্রান্ত চিঠিপত্রের আদান প্রদান করিবেন; এবং
(ভ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত চুক্তি ব্যতীত অন্যান্য সকল চুক্তিতে স্বাক্ষর করিবেন।