প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:-
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) প্রো-ভাইস চ্যান্সেলর;
(গ) অনুষদসমূহের ডিন;
(ঘ) সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান;
(ঙ) একাডেমি, ইনস্টিটিউট ও কেন্দ্রসমূহের প্রধানগণ;
(চ) প্রক্টর;
(ছ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত বিশ্ববিদ্যালয়ের ৭ (সাত) জন অধ্যাপক;
(জ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক;
(ঝ) চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ঞ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক;
(ট) সিন্ডিকেট কর্তৃক মনোনীত অ্যাভিয়েশন সংশ্লিষ্ট গবেষণা সংস্থা হইতে দুইজন ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞান, প্রযু্ক্তি ও অ্যাভিয়েশন ব্যবস্থাপনা বিষয়ক দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ;
(ঠ) ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কর্তৃক মনোনীত একজন ডিন বা অধ্যাপক;
(ড) ভাইস-চ্যান্সেলর, 2[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি], কর্তৃক মনোনীত একজন ডিন বা অধ্যাপক;
(ঢ) ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, কর্তৃক মনোনীত একজন ডিন বা অধ্যাপক;
(ণ) পরীক্ষা নিয়ন্ত্রক;
(ত) রেজিষ্ট্রার, যিনি উহার সচিবও হইবেন।
(২) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় একাডেমিক কাউন্সিলের সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।
(৩) একাডেমিক কাউন্সিলের কোনো মনোনীত সদস্য তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে পদ অথবা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি তিনি না থাকেন, তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।