প্রিন্ট ভিউ
দ্বিতীয় অধ্যায়
কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি
৪। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ‘উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ’ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিবে।
(২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।
৫। (১) সরকার কর্তৃক নির্ধারিত স্থানে কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থাকিবে।
(২) কর্তৃপক্ষ, প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।
৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরুপ, যথা :-
(ক) উদ্ভিদের গণ ও প্রজাতি নির্ধারণ, প্রকাশ ও প্রচার;
(খ) উদ্ভিদের জাত সংরক্ষণের জন্য নিবন্ধন, নিবন্ধন সনদ প্রদান এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘনের জন্য নিবন্ধন বাতিল;
(গ) উদ্ভিদের জাত সংরক্ষণ আবেদনের পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি নির্ধারণ;
(ঘ) উদ্ভিদের জাত সংরক্ষণ সংশ্লিষ্ট তথ্যের আদান-প্রদান এবং অধিকতর উন্নত পদ্ধতিতে উদ্ভিদের জাত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা স্থাপন;
(ঙ) প্রজননবিদের অধিকার, অধিকারের মেয়াদ নির্ধারণ, অধিকার সীমিতকরণ, বা ক্ষেত্রমত, অধিকার স্থগিত বা বাতিলকরণ বা অনুরূপ বিষয়াদির পদ্ধতি নিরূপণ ও উহার বাস্তবায়ন;
(চ) কৃষক, ব্যক্তি, গোষ্ঠী বা প্রজননবিদের অধিকার কার্যকর করিতে পদক্ষেপ গ্রহণ;
(ছ) জাত উদ্ভাবন ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সনদ ও পুরস্কার প্রদান;
(জ) আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের যথাযথ বাস্তবায়ন, নিয়মিতভাবে পরিবীক্ষণ ও মূল্যায়ন;
(ঝ) সার্বিক কার্যক্রমের বিবরণ সম্বলিত বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ও সরকারের নিকট উহা উপস্থাপন;
(ঞ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আনুষঙ্গিক সকল এবং উপরে বর্ণিত কার্যাদির সম্পূরক ও প্রাসঙ্গিক অন্যান্য কার্যসম্পাদন; এবং
(ট) সরকার কর্তৃক, সময় সময়, কর্তৃপক্ষের উপর অর্পিত অন্য যে কোনো দায়িত্ব ও কার্যসম্পাদন।
৭। কর্তৃপক্ষের সাধারণ পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং কর্তৃপক্ষ যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে।
৮। (১) কর্তৃপক্ষের একটি পরিচালনা বোর্ড থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা :-
(ক) চেয়ারম্যান, যিনি উহার সভাপতিও হইবেন;
(খ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(গ) পরিচালক (সরেজমিন উইং), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;
(ঘ) সদস্য পরিচালক (শস্য), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল;
(ঙ) মহাব্যবস্থাপক (বীজ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন;
(চ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট;
(ছ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট;
(জ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট;
(ঝ) পরিচালক (গবেষণা), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট;
(ঞ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত উদ্ভিদের জাত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন অধ্যাপক;
(ট) পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি;
(ঠ) ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি কর্তৃক মনোনীত অন্যূন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ড) বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কর্তৃক মনোনীত অন্যূন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঢ) প্রধান বীজতত্ত্ববিদ, কৃষি মন্ত্রণালয়;
(ণ) বাংলাদেশ সীড এসোসিয়েশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(ত) বাংলাদেশ কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন সমিতি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; এবং
(থ) রেজিস্ট্রার, উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ, যিনি উহার সদস্য সচিবও হইবেন।
(২) উপ-ধারা (১) এর দফা (ঞ), (ণ) এবং (ত) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে সদস্য পদে বহাল থাকিবেন :
তবে শর্ত থাকে যে, সরকার, জনস্বার্থে, উক্ত মেয়াদ সমাপ্ত হইবার পূর্বে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, কোনো মনোনীত সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং মনোনীত সদস্যগণও যে কোনো সময় চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন ।
৯। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(২) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাহার অনুপস্থিতিতে সরকার কর্তৃক চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত সদস্য সভাপতিত্ব করিবেন, তবে উক্তরূপ সদস্য নিযুক্ত না হইয়া থাকিলে, বোর্ডের জ্যেষ্ঠ সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
(৩) প্রতি ৬ (ছয়) মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে, তবে জরুরি প্রয়োজনে স্বল্প সময়ের নোটিশে বোর্ডের সভা আহবান করা যাইবে।
(৪) বোর্ডের সভা চেয়ারম্যানের সম্মতিক্রমে এবং তৎকর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সদস্য সচিব কর্তৃক আহূত হইবে।
(৫) বোর্ডের মোট সদস্যের অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতেই সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না।
(৬) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।
(৭) শুধু কোনো সদস্য পদের শূন্যতা বা বোর্ড গঠনে কোনো ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা এতদ্বিষয়ে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।
১০। (১) কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান থাকিবে।
(২) চেয়ারম্যান কর্তৃপক্ষের সার্বক্ষণিক এবং প্রধান নির্বাহী হইবেন।
(৩) চেয়ারম্যান সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
(৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নব নিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত কোনো সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন।
১১। (১) চেয়ারম্যান এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের বিধান অনুসারে নিম্নবর্ণিত দায়িত্ব পালনের জন্য দায়ী থাকিবেন, যথা : -
(ক) কর্তৃপক্ষের সকল কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করিবার উদ্দেশ্য এই আইনের অধীন অর্পিত ক্ষমতা প্রয়োগ;
(খ) কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্ত প্রয়োজনীয় সকল দায়িত্ব পালন;
(গ) কর্তৃপক্ষের সকল কর্মচারী ও উহাদের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ;
(ঘ) কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন; এবং
(ঙ) বোর্ড কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
(২) চেয়ারম্যান তাহার অর্পিত দায়িত্ব পালন এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সরকারের নিকট দায়ী থাকিবেন।
১২। (১) কর্তৃপক্ষের একজন রেজিস্ট্রার থাকিবে, যিনি সরকারের উপসচিব বা সমমর্যাদাধারীদের মধ্য হইতে নিযুক্ত হইবেন।
(২) রেজিস্ট্রার কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব ও কার্য সম্পাদন করিবেন এবং তৎকর্তৃক সম্পাদিত কার্যক্রমের জন্য চেয়ারম্যানের নিকট দায়ী থাকিবেন।
১৩। (১) কর্তৃপক্ষ উাহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী এবং, সময় সময়, সরকার কর্তৃক প্রদত্ত সাধারণ ও বিশেষ নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে।
(২) কর্তৃপক্ষের কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।