প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০২০

( ২০২০ সনের ১৪ নং আইন )

উপদেষ্টা পরিষদ

১১।  (১) কাউন্সিলের একটি উপদেষ্টা পরিষদ থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:¾

 

(ক)  মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন;

 

(খ)  সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি ইহার সহ সভাপতিও হইবেন;

 

(গ)  গভর্নিং বডির চেয়ারম্যান;

 

(ঘ)  প্রেসিডেন্ট, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ;

 

(ঙ)  সরকার কর্তৃক মনোনীত যে কোনো দুইটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য;

 

(চ)   তপশিলের অংশ-‘ক’ এ উল্লিখিত প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন করিয়া প্রতিনিধি;

 

(ছ)  তপশিলের অংশ-‘খ’ এ উল্লিখিত প্রতিটি অধিদপ্তর বা সংস্থা কর্তৃক মনোনীত ১ (এক) জন করিয়া প্রতিনিধি;

 

(জ)  তপশিলের অংশ-‘গ’ এ উল্লিখিত প্রতিটি ইনস্টিটিউট বা সংস্থা কর্তৃক মনোনীত ১ (এক) জন করিয়া প্রতিনিধি;

 

(ঝ)  স্বনামধন্য বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, পেশাজীবী বা গবেষকদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি;

 

(ঞ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত প্রকৌশল পেশার সহিত সম্পৃক্ত ১ (এক) জন ব্যবসায়ী প্রতিনিধি; এবং

 

(ট)   কাউন্সিলের পরিচালক (প্রশাসন), যিনি ইহার সদস্য সচিবও হইবে।

 

(২) উপ-ধারা (১) এর দফা (ঙ), (ঝ) ও (ঞ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের পর উপদেষ্টা পরিষদের প্রথম সভায় যোগদানের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন :

 

তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ সমাপ্তির পূর্বে সরকার, যে কোনো মনোনীত সদস্যকে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

 

(৩) উপ-ধারা (১) এর দফা (ঙ), (ঝ) ও (ঞ) এর অধীন মনোনীত সদস্যগণ সরকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs