প্রিন্ট ভিউ
তৃতীয় অধ্যায়
লাইসেন্স সংক্রান্ত সাধারণ বিষয়াদি
৮। কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ ব্যতীত মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি, কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনা করিতে পারিবে না।
৯। আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতিতে মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানির জন্য কোনো রপ্তানিকারককে বা মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং এতদসংশ্লিষ্ট অন্য কোনো কার্যের জন্য কোনো মালিককে কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য লাইসেন্স ইস্যু করিতে পারিবে।
১০। (১) ধারা ৯ এর অধীন কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনার লক্ষ্যে লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে।
(২) আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত আবেদনপত্র যাচাইপূর্বক লাইসেন্স ইস্যু করিবেন।
১১। আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্স ইস্যু করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবে, যদি-
(ক) ধারা ১০ অনুযায়ী আবেদনপত্র সঠিক না পাওয়া যায়;
(খ) আবেদনপত্রে উল্লিখিত ও সংযোজিত তথ্য মিথ্যা, বানোয়াট বা অপর্যাপ্ত হয়;
(গ) আবেদনকারী এই আইন বা অন্য কোনো আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির অযোগ্য হন; বা
(ঘ) নির্ধারিত অন্য কোনো শর্ত প্রতিপালন না করা হয়।
১২। (১) লাইসেন্সের মেয়াদ হইবে ৩(তিন) বৎসর এবং উহা হস্তান্তরযোগ্য বা বিক্রয়যোগ্য হইবে না।
(২) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার ৩০(ত্রিশ) দিন পূর্বে লাইসেন্স নবায়ন করিতে হইবে।
(৩) লাইসেন্স নবায়নের জন্য আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, আবেদন করিতে হইবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীনে প্রাপ্ত আবেদন বিবেচনাপূর্বক, ধারা ১১ এর বিধান সাপেক্ষে, আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্স নবায়ন করিতে পারিবেন।
(৫) লাইসেন্স নবায়ন করা না হইলে মেয়াদ উত্তীর্ণ হইবার পর স্বয়ংক্রিয়ভাবে উক্ত লাইসেন্স স্থগিত থাকিবে, তবে মেয়াদ উত্তীর্ণের পরে ১ (এক) বছরের মধ্যে বিধিতে বর্ণিত লাইসেন্স নবায়ন ফিসহ উহার অতিরিক্ত লাইসেন্স ফি এর তিনগুণ পরিমাণ অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমাদানপূর্বক লাইসেন্স নবায়নের জন্য আবেদন করিতে পারিবেন।
১৩। (১) আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ নিম্নলিখিত যে কোনো কারণে লাইসেন্স বাতিল, প্রযোজ্য ক্ষেত্রে স্থগিত করিতে পারিবে, যদি লাইসেন্সগ্রহীতা-
(ক) এই আইন বা বিধি বা লাইসেন্সের কোনো শর্ত লংঘন করিয়া থাকেন;
(খ) কোনো অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপনপূর্বক লাইসেন্স গ্রহণ করিয়া থাকেন;
(গ) মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি, মৎস্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে কারখানা বা স্থাপনা প্রতিষ্ঠা ও পরিচালনা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে লাইসেন্স ব্যবহার করিয়া থাকেন;
(ঘ) একাধারে ২(দুই) বার লাইসেন্স নবায়নের পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হন;
(ঙ) লাইসেন্স হস্তান্তর বা বিক্রয় করেন;
(চ) তাহার স্থাপিত কারখানা বা স্থাপনা কর্তৃক নদী বা সমুদ্রের পানি বা পরিবেশ দূষণ করেন বা করিয়া থাকেন;
(ছ) মৃত্যুবরণ করেন;
(জ) এই আইনের অধীন ২(দুই) বার প্রশাসনিক জরিমানা বা অন্য কোনো অপরাধে দন্ডিত হন; বা
(ঝ) নির্ধারিত অন্য কোনো শর্ত প্রতিপালন না করিয়া থাকেন।
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো লাইসেন্স বাতিল করিবার পূর্বে আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স বাতিলের কারণ উল্লেখ করিয়া সংশ্লিষ্ট লাইসেন্সগ্রহীতাকে নোটিশ প্রাপ্তির ৭(সাত) কার্যদিবসের মধ্যে লিখিত বক্তব্য, যদি থাকে, উপস্থাপনের নির্দেশ দিয়া নোটিশ প্রদান করিবেন।
(৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশের জবাব প্রাপ্তির পর উক্ত জবাব সন্তোষজনক না হইলে আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ, নোটিশে উল্লিখিত মেয়াদ অতিক্রান্ত হইবার ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ লিপিবদ্ধ করিয়া লাইসেন্স বাতিল করিতে পারিবেন।
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত বক্তব্য সন্তোষজনক হইলে আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্সগ্রহীতাকে তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করিবেন।